ব্রিটিশ ট্যাংকারের মুক্তির বিষয়ে বিচার বিভাগের সিদ্ধান্ত নেয়া উচিত: আইআরজিসি
-
ব্রিটিশ তেলবাহী ট্যাংকার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর থেকে আটক করা ব্রিটিশ তেলবাহী ট্যাংকারের ভাগ্য ইরানের বিচার বিভাগের হাতেই নির্ধারিত হওয়া উচিত।
তিনি গতকাল (রোববার) সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ জাহাজের ইরানি পানিসীমা লঙ্ঘন সুস্পষ্ট এবং জাহাজটি তিনবার এ কাজ করেছে। বিষয়টি নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার এবং বিচার বিভাগ ও ইরানের বন্দর এবং সমুদ্র বিষয়ক সংস্থার পক্ষ থেকে জাহাজের ভাগ্য নির্ধারণ করা উচিত।”
জিব্রাল্টার থেকে ইরানি তেল ট্যাংকারের মুক্তি পাওয়ার পর ব্রিটিশ তেল ট্যাংকার কবে মুক্তি পাবে -এমন এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল তাংসিরি বলেন, “আটক এবং মুক্তি পাওয়ার ঘটনা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।”
গত ১৯ জুলাই পারস্য উপসাগরে কয়েকদফা সমুদ্রসীমা লঙ্ঘন করার পর ব্রিটেনের তেলবাহী ট্যাংকার স্টেনো ইমপেরোকে আটক করা হয়। ট্যাংকারে ২৩ ক্রুর মধ্যে ১৮ জনই ভারতীয়। বাকি ক্রুরা হলেন রাশিয়া, লাটভিয়া ও ফিলিপিাইনের।#
পার্সটুডে/এসআইবি/১৯