মাইক পম্পেওকে চুপ থাকার আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i73270-মাইক_পম্পেওকে_চুপ_থাকার_আহ্বান_জানালেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ‘দস্যুবৃত্তি ও হুমকি’র মাধ্যমে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চায় কিন্তু (আমেরিকার চেষ্টার বিপরীতে) ইরান ‘প্রত্যেক ও সকল ক্রেতার’ কাছে তেল বিক্রি অব্যাহত রাখবে। তিনি নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এ সংকল্প ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ০১:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ‘দস্যুবৃত্তি ও হুমকি’র মাধ্যমে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চায় কিন্তু (আমেরিকার চেষ্টার বিপরীতে) ইরান ‘প্রত্যেক ও সকল ক্রেতার’ কাছে তেল বিক্রি অব্যাহত রাখবে। তিনি নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এ সংকল্প ব্যক্ত করেন।

জারিফ বলেন, ইরান তার পুরনো ক্রেতাদের কাছে তেল রপ্তানি করে যাবে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘ঘ্যানঘ্যান করা’ বন্ধ করার আহ্বান জানান।

জারিফ বলেন, আমেরিকা এক সময় ইরানে সমরাস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যার ফলে ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। আমেরিকা এক সময় ইরানকে পরমাণু জ্বালানি সরবরাহ করার পথ বন্ধ করে দিয়েছিল যার ফলে ইরান পরমাণু কর্মসূচিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজেই এখন তেল বিক্রি বন্ধ করার যে প্রচেষ্টা ওয়াশিংটন করছে তাও সফল হবে না।

ইরানি সুপার ট্যাংকার আদরিয়ান দারিয়য়া-১

সম্প্রতি জিব্রাল্টার প্রণালী থেকে ছাড়া পাওয়া ইরানি সুপার তেল ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’ বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জুলাই মাসের গোড়ার দিকে ব্রিটিশ নৌবাহিনী জাহাজটিকে আটক করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল এক বক্তব্যে দাবি করেন, ইরানি সুপার তেল ট্যাংকারটি সিরিয়ার তারতুস বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি ‘নিশ্চিত তথ্য’ পেয়েছেন। তিনি দাবি করেন, জাহাজটির সিরিয়ার দিকে যাওয়ার কথা ছিল না। পম্পেওর ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে ‘ঘ্যানঘ্যান করা’ বন্ধ করার আহ্বান জানালেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।