রুহানি-ইমরান বৈঠক: কাশ্মীর ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i73930-রুহানি_ইমরান_বৈঠক_কাশ্মীর_ইস্যুতে_ইরানের_অবস্থানের_প্রশংসা_করল_পাকিস্তান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০৮:১৭ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে ড. হাসান রুহানি ও ইমরান খানের বৈঠক
    নিউ ইয়র্কে ড. হাসান রুহানি ও ইমরান খানের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক এ কথা বলেন। একইসঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের সময় যেসব সমঝোতা হয়েছে সেগুলোর দ্রুত বাস্তবায়ন চেয়েছেন।

বৈঠকে ইমরান খান পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি ইরানের সরকার ও জনগণের গত কয়েক দশকের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে আঞ্চলিক উত্তেজনা কমাতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেন।

ইমরান খান কাশ্মীরি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক ও সঠিক অবস্থান গ্রহণের কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীসহ সব ইরানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্তে নিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সোমবার নিউ ইয়র্ক পৌঁছেছেন। তিনি সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেবেন এবং নানা ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।