রুশ সাংবাদিককে মুক্তি দিয়েছে ইরান
-
ইউলিয়া ইউজিক
ইরানে আটক রুশ নারী সাংবাদিক ইউলিয়া ইউজিককে মুক্তি দেওয়া হয়েছে। তেহরানস্থ রুশ দূতাবাসের মুখপাত্র আন্দ্রে গাঙ্কো এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ (বৃহস্পতিবার) সকালে মুক্তিপ্রাপ্ত ওই সাংবাদিক তেহরান ত্যাগ করেছেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সাংবাদিকদের বলেছিলেন, কিছু অসঙ্গতি সম্পর্কে প্রশ্ন করার জন্য ইউলিয়াকে আটক করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে বলেও ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
রুশ দূতাবাস জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রোববার ইউলিয়া ইরানে পৌঁছালে তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার পাসপোর্ট জব্দ করা হয়।এরপর ২ অক্টোবর তাকে তেহরানের একটি হোটেল থেকে আটক করা হয়।
ওই রুশ সাংবাদিক তেহরানস্থ রাশিয়ার দূতাবাসের সঙ্গে সমন্বয় না করেই ইরান সফরে এসেছিলেন বলে জানান রুশ দূতাবাসের মুখপাত্র। তিনি বলেন, সকল রুশ সাংবাদিককে ইরান সফরের আগে তেহরানস্থ রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।