পারস্য উপসাগরের দিকে যাত্রা করেছে ইরানের ক্ষতিগ্রস্ত তেল ট্যাংকার
ইরানের তেল ট্যাংকার ‘সাবিতি’ লোহিত সাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করেছে। গতকাল (শুক্রবার) সৌদি আরবের জেদ্দা থেকে ৬০ মাইল দূরে অবস্থানকালে তেল ট্যাংকারটিতে দু’টি বিস্ফোরণ ঘটে।
ধারণা করা হচ্ছে দু’টি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত হামলার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি, তদন্ত চলছে।
ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তেল ট্যাংকারটির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তা এখন পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। তেল নিঃসরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলেও এর আগে তারা জানিয়েছিল।
তেল ট্যাংকারটিতে আগুন ধরার খবর এর আগেই নাকচ করে দিয়েছে ইরানি সূত্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি লোহিত সাগরে ইরানি তেল ট্যাংকারের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে বলেছেন, এই বিপজ্জনক হঠকারিতার ফলে সৃষ্ট পরিবেশ দূষণসহ সব ধরনের পরিণতির দায়-দায়িত্ব তাদেরই বহন করতে হবে যারা তা ঘটিয়েছে।
তিনি বলেছেন, গত কয়েক মাসে লোহিত সাগরে ইরানি তেল ট্যাংকারগুলোর ওপর নাশকতামূলক কয়েকটি তৎপরতা চালানো হয়েছে। কারা এসব তৎপরতা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মুসাভি জানিয়েছেন। #
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।