আইআরজিসি’র স্মার্টনেসের কাছে পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্কের পরাজয়
https://parstoday.ir/bn/news/iran-i74507-আইআরজিসি’র_স্মার্টনেসের_কাছে_পশ্চিমা_গোয়েন্দা_নেটওয়ার্কের_পরাজয়
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিদেশে বসে ইরান-বিদ্বেষী অপপ্রচার চালানো একজন রাষ্ট্রদ্রোহী ইরানি নাগরিককে আটক করেছে। আইআরজিসি বলেছে, ‘রুহুল্লাহ জাম’ নামের রাষ্ট্রদ্রোহী ওই ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের আওতায় এনে আটক করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৯ ০৬:৩৮ Asia/Dhaka
  • নিজের চ্যানেলে ইরান-বিদ্বেষী প্রচার চালানোর সময় রুহুল্লাহ জামের ছবি
    নিজের চ্যানেলে ইরান-বিদ্বেষী প্রচার চালানোর সময় রুহুল্লাহ জামের ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিদেশে বসে ইরান-বিদ্বেষী অপপ্রচার চালানো একজন রাষ্ট্রদ্রোহী ইরানি নাগরিককে আটক করেছে। আইআরজিসি বলেছে, ‘রুহুল্লাহ জাম’ নামের রাষ্ট্রদ্রোহী ওই ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের আওতায় এনে আটক করা হয়।

এ সম্পর্কে আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফের দপ্তর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ তৌলায়ি বলেছেন, তার বাহিনীর গোয়েন্দা বিভাগ দুই বছর আগে থেকে রুহুল্লাহ জামকে পর্যবেক্ষণে রেখেছিল। তিনি আরো বলেন, এতদিন ইরানের ইসলামি সরকার বিরোধী পশ্চিমা সরকারগুলোর গোয়েন্দা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে ছিল জাম। তার দায়িত্ব ছিল ইরানে সরকার বিরোধী সহিংসতা উসকে দেয়া।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ তৌলায়ি

রুহুল্লাহ জাম ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে ‘অমাদ নিউজ’ নামের একটি ওয়েবসাইট এবং টেলিগ্রামে একই নামে একটি চ্যানেল পরিচালনা করত। এই চ্যানেলের মাধ্যমে মিথ্যা ও কল্পিত তথ্য উপস্থাপন করে ইরানের জনগণকে  সরকারের বিরুদ্ধে উসকে দিত সে।

এ সম্পর্কে জেনারেল তৌলায়ি বলেন, ‘অমাদ নিউজ’ ইরানের শীর্ষস্থানীয় কর্মর্তাদের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার মাধ্যমে ইরানি জনগণের ঐক্য ও সংহতি বিনষ্ট করে তাদেরকে সহিংস আচরণ করতে উসকানি দিচ্ছিল।

আইআরজিসি'র হাতে ধরা পড়ার পর ইরানের টেলিভিশনে জামের তাৎক্ষণিক স্বীকারোক্তি প্রচার করা হয়

আইআরজিসি সোমবার (১৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে জানায়, “ইরানের শত্রুদের প্রচার যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসা ‘অমাদ নিউজ’র পরিচালক রাষ্ট্রদ্রোহী রুহুল্লাহ জামকে স্মার্ট গোয়েন্দা অভিযান চালিয়ে আটক করা হয়েছে।” বিবৃতিতে আরো বলা হয়, “জামকে আটকের ঘটনায় ইরানের গোয়েন্দা শক্তির কাছে পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্কের পরাজয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।”

তবে ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকা এই ব্যক্তিকে কীভাবে কোন দেশ থেকে ধরে আনা হয়েছে সে রহস্য উন্মোচন করেনি আইআরজিসি।

ইরানি নাগরিক রুহুল্লাহ জাম ২০০৯ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় উসকানি দেয়ার দায়ে গ্রেফতার হয়েছিল। তবে পরে আদালত তাকে জামিনে মুক্তি দেয়। মুক্তি পেয়ে সে ইরান থেকে মালয়েশিয়ায় চলে যায় এবং সেখান থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে ইরান-বিদ্বেষী অপপ্রচার শুরু করে।  ফ্রান্সের নিরাপত্তা বাহিনী তার নিরাপত্তার পুরো দায়িত্ব গ্রহণ করেছিল। #

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।