'মার্কিন সরকার অপরাজেয় নয়, তাকেও নতজানু করা সম্ভব'
-
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন নিকোলাস মাদুরো
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মার্কিন সরকার যে অপরাজেয় নয় তা বিগত বছরগুলোতে তার নানা রেকর্ড থেকেই স্পষ্ট। তাই মার্কিন সরকারের চাপ মোকাবেলা বা তার বাধা কাটিয়ে ওঠা অসম্ভব- কারো কারো এমন ধারণা বড় রকমের ভুল।
তিনি গতকাল তেহরানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেয়া এক সাক্ষাতে এই মন্তব্য করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকার বিগত ১৫ বছরে বার বার অনেক ভুল করেছে এবং এর ফলে এ অঞ্চলে তারা নতজানু হয়েছে ও এখন মার্কিন নেতারা হতাশ হয়ে গেছে। তিনি এ প্রসঙ্গে ইরাক ও আফগানিস্তানে হামলা চালানোর পর এর চোরাবালিতে আমেরিকার আটকে পড়ার কথা উল্লেখ করেন।
দৃঢ়তা, যৌক্তিক প্রতিরোধ ও দূরদৃষ্টি নিয়ে কাজ করলে মার্কিন চাপের মোকাবেলায় বিজয় অনিবার্য বলে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি মন্তব্য করেন। মার্কিন সরকার ও তার একদল আঞ্চলিক মিত্র জ্বালানী তেলকে স্বাধীন দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘অতীতে কয়েকটি মুসলিম দেশ যখন ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করে দেয় তখন তেলের রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে বলে তীব্র হৈচৈ তোলা হয়েছিল, কিন্তু এখন সেই দেশগুলোই ওপেকের কয়েকটি সদস্য রাষ্ট্র ও আমাদের এ অঞ্চলের কয়েকটি সরকার মার্কিন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যদিও এতে ওই দেশ ও সরকারগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যৌক্তিক নীতি অনুসরণ করে ও স্বাধীন দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে এইসব ষড়যন্ত্র ও শত্রুতা বানচাল করা সম্ভব।
ভেনিজুয়েলাকে জোট-নিরপেক্ষ সম্মেলন বা ন্যামের চেয়ারম্যান করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এই জোট আরও সক্রিয় হোক্, পশ্চিমা সরকারগুলো তা চায় না; কিন্তু স্বাধীন দেশগুলোর উচিত তাদের এই ইচ্ছার ঠিক বিপরীতে চলা এবং এভাবে অগ্রসর হলে ভবিষ্যৎ অতীতের চেয়ে অবশ্যই ভালো হবে।’
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ভেনিজুয়েলার সঙ্গে সহযোগিতা জোরদারে ইরানের জোর আগ্রহের কথা তুলে ধরেন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন শত্রুতার মোকাবেলায় ইরানি জাতির শক্তিশালী প্রতিরোধের প্রশংসা করে বলেছেন, ইরানিরা পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করছে, অথচ এ অঞ্চলের বহু দেশ ও ইরানের প্রতিবেশী দেশগুলো যুদ্ধ, অনৈক্য ও দুর্বলতায় ভুগছে।
অর্থনৈতিক যুদ্ধসহ ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সরকারের সব ধরনের শত্রুতা ও হস্তক্ষেপ সত্ত্বেও স্বাধীন এই দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে বল মাদুরো উল্লেখ করেন। #
পার্সটুডে/এমএএইচ/২৭