পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করল ইরান
-
আগুনে পুড়ে যাওয়া তিনটি বগি
পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান। তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাকিস্তানে গতকাল (বৃহস্পতিবার) করাচি থেকে রাওয়ালপিন্ডিগ্রামী দ্রুতগতির একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৭৩ জন মারা গেছেন। পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ বলেছেন, এই ট্রেনে তাবলিগ জামাতের একটি দল লাহোরের একটি জমায়েতে যোগ দিতে যাচ্ছিল। ট্রেনে থাকা কেরোসিন সিলিন্ডার এবং স্টোভ বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রেলমন্ত্রী জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। তবে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে অনেকের জীবনও রক্ষা পেয়েছে বলে জানান রেলমন্ত্রী। পাকিস্তানে দীর্ঘ রেলযাত্রার সময় যাত্রীদের অনেকেই খাবার তৈরির জন্য গোপনে ট্রেনের ভেতরে গ্যাস সিলিন্ডার যুক্ত চুলা নিয়ে ওঠেন। #
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।