ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা আগের পর্যায়ে পৌঁছেছে
-
বেহরুজ কামালভান্দি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা পরমাণ সমঝোতা সইয়ের আগের অবস্থায় পৌঁছেছে। এ কথা জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
গতকাল (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু সমঝোতা স্থগিতের তৃতীয় পর্যায়ে নতুন যন্ত্রপাতি বসানোর কারণে দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আগের পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, পরমাণু সমঝোতা সইয়ের আগে ইরান ১০০০ এসডাব্লিউইউ সমৃদ্ধকরণ করতে পারত কিন্তু এখন অনেক বেশি উন্নত যন্ত্রপাতি বসানোর কারণে মোট উৎপাদন সক্ষমতা ২৬০০ এসডাব্লিউইউ-তে পৌঁছাবে। তিনি বলেন, শুধুমাত্র ফোরদু স্থাপনার সক্ষমতা থাকবে ৭০০ এসডাব্লিউইউ।
২০১৫ সালে সই হওয়া ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা কমিয়েছিল কিন্তু সম্প্রতি পরমাণু সমঝোতার সে ধারা স্থগিত এবং নতুন করে উৎপাদনে যাওয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আগের অবস্থায় পৌঁছালো। সম্প্রতি ইরান পরমাণু সমঝোতার ধারা স্থগিত রেখে নাতাঞ্জ এবং ফোরদু পরমাণু স্থাপনায় নতুন করে সেন্ট্রিফিউজ স্থাপন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করেছে।
২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান তার পরমাণু কর্মসূচিতে অনুযায়ী কিছু বিধিনিষেধ মেনে নেয় কিন্তু আমেরিকা সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান প্রথম পর্যায়ে ৩০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের সীমা মান্য করার বিষয়টি স্থগিত করে। দ্বিতীয় ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৭% স্থগিত করে। তৃতীয় পর্যায়ে ইরান আবার নতুন করে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসিয়ে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পদক্ষেপ নেয়।#
পার্সটুডে/এসআইবি/৮