ইরানের অ্যাটর্নি জেনারেল জানালেন
‘সহিংসতায় নিহতদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয়’
-
ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফর মোনতাজেরি
ইরানের সাম্প্রতিক সহিংসতায় নিহত ও বন্দির সংখ্যা নিয়ে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফর মোনতাজেরি।তিনি বলেছেন, সহিংসতা ও গোলযোগ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার দায়ে আটক বহু ব্যক্তিকে এরইমধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, হামলা, দেশের সম্পদ ধ্বংস ও জ্বালাও পোড়াও এর ঘটনায় সরাসরি জড়িত নয় কিন্তু ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে চার্জশিট না দিয়েই মুক্তি দেয়া হচ্ছে। তবে যারা মারাত্মকভাবে আইন লঙ্ঘন করে নাশকতামূলক কাজে অংশ নিয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে বলে জানান মোনতাজেরি।
বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে তিনি বলেন, যাদের সঙ্গে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই তাদের পক্ষে এদেশে কি ঘটছে সে সম্পর্কে সঠিক তথ্য লাভ করা সম্ভব নয়। কাজেই তারা গোলযোগে নিহত ও আটক বন্দিদের সংখ্যা সম্পর্কে অনুমাননির্ভর যে সব তথ্য প্রচার করছে তা সঠিক নয়।
গত ১৫ নভেম্বর ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানো হলে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের জনগণ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে কিছু দুস্কৃতকারী ঘরবাড়ি, ব্যাংক, বীমা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সরকারি বাসে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপূরণীয় ক্ষতি করে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গোলযোগ সৃষ্টির দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একদল এজেন্টকে আটক করা হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।