আলোচনার দরজা বন্ধ করে নি ইরান: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i75679-আলোচনার_দরজা_বন্ধ_করে_নি_ইরান_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যারা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু একই সঙ্গে ইরান আলোচনার দরজা বন্ধ করে দেয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৪:২১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যারা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু একই সঙ্গে ইরান আলোচনার দরজা বন্ধ করে দেয় নি।

রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারে আজ (বুধবার) জাতীয় ইন্স্যুরেন্স ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমরা বিশ্বাস করি ভুল এবং নির্বতনমূলক নিষেধাজ্ঞা সবার আগে প্রত্যাহার করতে হবে এবং তারপর সংলাপের বিষয় নিয়ে কথা বলতে হবে। আমরা এতে কোনো সমস্যার কিছু দেখি না।”

দীর্ঘ আলোচনার পর ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে ২০১৫ সালে একটি সমঝোতা সই হয়েছিল কিন্তু ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা থেকে আমেরিকাকে বের করে নেন। এই ঘটনার এক বছর পরে এসে ইরান পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রেসিডেন্ট রুহানি বলেন, “সমঝোতার মধ্যদিয়ে ইরানের পরমাণু অধিকারকে মেনে নেয়া হয়েছে অথচ কেউই বিশ্বাস করতেন না যে, আমরা আলোচনার মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে এই অধিকার নিশ্চিত করতে পারবো।”

সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব এবং আমেরিকার কিছু গোঁড়াবাদী লোক তারা ট্রাম্পকে একথা বলে বোকা বানাতে সক্ষম হয়েছেন যে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে এলে তিনিই হবেন মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি ইরানকে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম হলেন।#

পার্সটুডে/এসআইবি/৪