ইরাকে মার্কিন বিমান হামলা সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76304-ইরাকে_মার্কিন_বিমান_হামলা_সন্ত্রাসবাদের_সুস্পষ্ট_উদাহরণ_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির একটি ঘাঁটিতে মার্কিন সেনারা যে বিমান হামলা চালিয়েছে তা আমেরিকার সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ। হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের সরকারপন্থী একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সরাসরি সহায়তা করে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৫:০৬ Asia/Dhaka
  • ইরাকে মার্কিন বিমান হামলা সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির একটি ঘাঁটিতে মার্কিন সেনারা যে বিমান হামলা চালিয়েছে তা আমেরিকার সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ। হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের সরকারপন্থী একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সরাসরি সহায়তা করে আসছে।

গতকাল (রোববার) মার্কিন সেনারা ইরাকের কাতাইব হিযবুল্লাহ নামে হাশ্‌দ আশ-শাবির একটি অঙ্গ সংগঠনের অস্ত্রগুদামে অথবা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বিমান হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, এই হামলার মাধ্যমে আবারো প্রমাণ হলো যে, আমেরিকা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যে লড়াইয়ের দাবি করে তা মিথ্যা। বরং যারা তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের উপর হামলা চালাচ্ছে আমেরিকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

আব্বাস মুসাভি বলেন, এই হামলার মাধ্যমে আমেরিকা অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে, তারা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয় এবং একটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অসম্মান করে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের দায়দায়িত্ব এবং পরিণতি অবশ্যই আমেরিকাকে ভোগ করতে হবে।

আজ হাশ্‌দ আশ-শাবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। মার্কিন সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হাশ্‌দ আশ-শাবি।

গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে কয়েকটি রকেট হামলা হয়। এরপর মার্কিন সেনারা ইরাকের কাতাইব হিজবুল্লাহ সংগঠনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হামলা চালালো।#

পার্সটুডে/এসআইবি/৩০