মার্কিনিরা পরাজিত হলেই ইরানকে দোষারোপ করে: আইআরজিসি
-
মেজর জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করার জন্য আমেরিকার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যেখানেই মার্কিনিরা পরাজিত হয় সেখানেই তারা ইরানকে দোষারোপ করে।
তিনি আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে বলেন, “ইরান ভালো অবস্থানে রয়েছে; যেখানেই আমেরিকা পরাজিত হয় সেখানেই তারা ইরানকে দোষারোপ করে-এটি ভালো লক্ষণ। এটি আমাদের শক্তি সামর্থের বহিঃপ্রকাশ।”
আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করছে সে প্রসঙ্গে জেনারেল সালামি বলেন, মার্কিনিদের নিষেধাজ্ঞা ইরানের শক্তি বাড়ানোর ক্ষেত্রে সুযোগে পরিণত হয়েছে।
গত মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে বিবৃতি দিয়েছেন। এর জবাবে জেনারেল সালামি এসব কথা বললেন।
মার্কিন প্রেসিডেন্ট ইরানকে দোষারোপ করলেও পরে অবশ্য তিনি সুর নরম করেছেন। তিনি বলেছেন, এজন্য আমেরিকা এখনই তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না। মার্কিন প্রেসিডেন্টের দোষারোপমূলক বক্তব্যের পর ইরান গতকাল সুইচ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে। ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে সুইজারল্যান্ডের দূতাবাস।#
পার্সটুডে/এসআইবি/২