জেনারেল সোলাইমানিকে হত্যা করে আমেরিকা কৌশলগত ভুল করেছে: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা কৌশলগত মহা ভুল করেছে।জেনারেল সোলাইমানির শাহাদাতে গোটা ইরানে শোকের মাতম চলছে বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, কাসেম সোলাইমানি ছিলেন একটি দেশের সেনা অধিনায়ক এবং তিনি ইরাকের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছিলেন।কাজেই তার ওপর হামলা চালিয়ে আমেরিকা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং ইরানি জনগণকে অপমান করেছে। কাজেই এই অপমানের প্রতিশোধ নেয়ার অধিকার তেহরানের রয়েছে এবং ওয়াশিংটনের এই অপরিণামদর্শী পদক্ষেপের যেকোনো পরিণতি আমেরিকাকেই বহন করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট তার ফরাসি সমকক্ষ ম্যাকরনকে আরো বলেন, ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নির্মূলে জেনারেল সোলাইমানি যে অসামান্য ভূমিকা রেখেছেন তার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোরও কৃতজ্ঞ থাকা উচিত। তিনি আরো বলেছেন, জেনারেল সোলাইমানি না থাকলে দায়েশ আজ ইউরোপের জন্য হুমকি হয়ে উঠত।
টেলিফোনালাপে প্রেসিডেন্ট ম্যাকরন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এই উত্তেজনা প্রশমনে যেকোনো ধরনের ভূমিকা রাখতে নিজের প্রস্তুতি ঘোষণা করেন। তিনি ইরানের পরমাণু সমঝোতার গুরুত্ব তুলে ধরে বলেন, এই সমঝোতা রক্ষা করা উচিত।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।