আটক ইরানি নাগরিককে জার্মানি থেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন জারিফ
-
আব্বাস মুসাভি (বামে) ও জাওয়াদ জারিফ
জার্মানিতে বেআইনিভাবে আটক হওয়া আহমাদ খালিলি নামে এক ইরানি নাগরিককে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। মার্কিন সরকারের একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ইরানি এই নাগরিককে আটক করেছিল জার্মান সরকার।
সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি আহমাদ খালিলির মুক্তির ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চালিয়ে মুক্ত করতে সক্ষম হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানান, দফায় দফায় কূটনৈতিক আলোচনার পর গতকাল (রোববার) রাতে খালিলি মুক্ত হন। এ বিষয়ে ইরানের বিচার বিভাগ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র গোয়েন্দা সংস্থা বিশেষ সহযোগিতা করেছে।
আব্বাস মুসাভি বলেন, ওয়াশিংটনের অবৈধ নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন সরকারের অনুরোধে জার্মানি আহমাদ খালিলিকে আটক করে এবং তাকে আমেরিকায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল।
এর আগে, ২০১৯ সালের শেষ দিকে ইরানের স্টেম সেল বিজ্ঞানি ড. মাসুদ সোলাইমানি মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। তিনি একটি সেমিনারে যোগ দিতে আমেরিকায় গেলে তাকে মার্কিন সরকার অবৈধভাবে আটক করে এবং ২০১৮ সালের ৭ অক্টোবর থেকে বিনা বিচারে আটক রাখে।#
পার্সটুডে/এসআইবি/১৭