নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক বাজেট কাটছাট করেনি ইরান: দেহকান
-
জেনারেল হোসেইন দেহকান
আমেরিকার ‘সর্বোচ্চ চাপপ্রয়োগ’ সত্ত্বেও ইরান তার সামরিক বাজেট কমায়নি বলে জানিয়েছেন একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন,তার দেশ সামরিক বাজেটে কাটছাট করেছে বলে ওয়াশিংটন যে দাবি করেছে তার কোনো সত্যতা নেই।
তিনি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আমাদের সামরিক সংস্থাগুলোর বাজেটে কোনো ধরনের কাটছাট করিনি। ” জেনারেল দেহকান বলেন, “তিন বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তখনকার চেয়ে এখন ইরান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী। চলতি বছর ট্রাম্প পুনর্নির্বাচিত হলেও আগামী পাঁচ বছর পর ইরানের সামরিক অবস্থা আরো বহুগুণ শক্তিশালী হবে।”
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, কয়েক বছর আগে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) উত্থান ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ার পর ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরান তার মিত্রদের প্রস্তুত করে তোলে।
ইরানের ওপর আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছরে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র নির্মাণে তেহরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।প্রায় সব ধরনের সমরাস্ত্রের দিক দিয়ে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। তবে তেহরান ঘোষণা করেছে, তার সামরিক শক্তি প্রতিবেশী কোনো দেশের জন্য হুমকি নয় বরং তা আত্মরক্ষার সেবায় নিয়োজিত।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।