চিকিৎসা খাতে আমেরিকার সন্ত্রাসবাদ: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i78091-চিকিৎসা_খাতে_আমেরিকার_সন্ত্রাসবাদ_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি এসব সন্ত্রাসবাদের ব্যাপারে নীরবতা ভাঙার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মার্চ ০৮, ২০২০ ১২:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি এসব সন্ত্রাসবাদের ব্যাপারে নীরবতা ভাঙার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। জারিফ বলেন, ইরানি জনগণ যখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে তখন তেহরান যাতে এই প্রাণঘাতী রোগ মোকাবিলা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‌ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা জোরদার করেছেন। এর ফলে ইরান করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না।

আমেরিকা ইরানের চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানির ওপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। করোনা ভাইরাস প্রতিরোধে ইরান যখন হিমশিম খাচ্ছে এবং ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতির সংকটে ভুগছে তখন চিকিৎসা ও ওষুধের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চিকিৎসা খাতে সন্ত্রাসবাদেরই স্পষ্ট দৃষ্টান্ত।

অনেক আগে থেকেই মার্কিন সরকার ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে আসছে যাতে দেশটির  অর্থনীতি অচল হয়ে পড়ে। কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিরোধের কারণে সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন চেষ্টা অনেকটাই ব্যর্থ হয়েছে। বর্তমানে ইরানসহ সারা বিশ্বে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। বহু দেশ করোনা ভাইরাসের চিকিৎসায় সাফল্য অর্জন করলেও প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকটের কারণে ইরানের বেশ কিছু সংখ্যক রোগী প্রাণ হারিয়েছে।

এ অবস্থায় মার্কিন সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও চিকিৎসা খাতে যে সন্ত্রাসবাদ চালাচ্ছে তা মানবতা বিরোধী অপরাধযজ্ঞ। আমেরিকার এ অন্যায় আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ পদক্ষেপ নেবে বলে সকলের প্রত্যাশা। আমেরিকা এমন সময় করোনা ভাইরাস থেকে মুক্তি দেয়ার জন্য ইরানের জনগণকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে যখন তারা চিকিৎসা খাতে সন্ত্রাসবাদ চালানোর কারণে করোনা ভাইরাসে আক্রান্ত অনেক ইরানি এরই মধ্যে প্রাণ হারিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, হোয়াইট হাউজ ইরানের জনগণকে টার্গেট করেছে। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যেই মিথ্যাচার করে বলছে মানবিক ইস্যুতে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও করোনা ভাইরাস মোকাবেলায় ইরান সাফল্যের পরিচয় দিয়েছে এবং নিজস্ব চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলছে। ইরানে বিশ্ব-স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ক্রিস্টোভ হ্যামেলম্যান করোনা ভাইরাস মোকাবেলায় ইরানের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন শেষে বলেছেন, ইরানের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশটি যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮