ইরানে কয়েকটি প্রদেশে করোনা সন্দেহভাজনের সংখ্যা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i78204-ইরানে_কয়েকটি_প্রদেশে_করোনা_সন্দেহভাজনের_সংখ্যা_কমেছে_স্বাস্থ্যমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরানের কয়েকটি প্রদেশে করোনা সন্দেহভাজন ব্যক্তিদের সংখ্যা কমেছে। গিলান ও কোম প্রদেশের নাম উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রতিদিন যে পরিমাণ করোনা সন্দেহভাজন ব্যক্তি আসছে তার চেয়ে বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১২, ২০২০ ১২:৫৪ Asia/Dhaka
  • সাঈদ নামাকি
    সাঈদ নামাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরানের কয়েকটি প্রদেশে করোনা সন্দেহভাজন ব্যক্তিদের সংখ্যা কমেছে। গিলান ও কোম প্রদেশের নাম উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রতিদিন যে পরিমাণ করোনা সন্দেহভাজন ব্যক্তি আসছে তার চেয়ে বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

চারটি প্রদেশে করোনা মোকাবেলায় জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের ফলে এই ফল পাওয়া গেছে বলে তিনি জানান।

ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় পরিকল্পনার আওতায় চারটি প্রদেশে ফোন, এসএমএস ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরিবারের কারোর এই রোগের লক্ষণ আছে কিনা তা জানতে চাওয়া হচ্ছে।

কারো মধ্যে এমন লক্ষণ থাকলে তাদেরকে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং করোনা সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে।

চারটি প্রদেশে এই পরিকল্পনার আওতায় প্রায় ৩৫ লাখ সন্দেহভাজনের বিষয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে এক হাজার দুইশ' জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়। বেশিরভাগ ব্যক্তিকেই বাড়িতে রাখা হয়েছে, শুধু ২৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা দুই হাজার ৭০০ জনকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে।

ইরানে এ পর্যন্ত নয় হাজারের বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে, এর মধ্যে তিন হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।