নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব উঠতে পারে: রুহানি
-
মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সহযোগিতা করার উদ্দেশ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের কথাবার্তা চলছে।
প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে আরো বলেন, “ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া আমাদের বৈদেশিক মুদ্রা দেশে আনতে চাই এবং এ লক্ষ্যে এরইমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে।”
হাসান রুহানি বলেন, “কোনো দেশ যদি আমাদের কাছে সাহায্য চায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব। সেইসঙ্গে অন্য দেশগুলো যদি আমাদেরকে সাহায্য করতে চায় তাহলে আমরা পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তা গ্রহণ করব।”
ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার কারণে তেহরানের পক্ষে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মতো জরুরি জিনিসও আমদানি করা সম্ভব হচ্ছে না। করোনাভাইরাস বিরোধী অভিযানে ইরানের যখন এসব জিনিস জরুরি ভিত্তিতে প্রয়োজন তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করেছেন।এমনকি গত কয়েকদিনে মার্কিন সরকার ইরানের বেশ কিছু কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।