করোনার মধ্যেও নিষেধাজ্ঞা বহাল: ইরানের তীব্র সমালোচনা
https://parstoday.ir/bn/news/iran-i79025-করোনার_মধ্যেও_নিষেধাজ্ঞা_বহাল_ইরানের_তীব্র_সমালোচনা
ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি এক টুইটবার্তায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃখজনক পরিস্থিতির কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং সর্বোচ্চ রাজনৈতিক চাপ বহাল রাখার জন্য কয়েকটি দেশের অব্যাহত প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১২, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka
  • করোনার মধ্যেও নিষেধাজ্ঞা বহাল: ইরানের তীব্র সমালোচনা

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি এক টুইটবার্তায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃখজনক পরিস্থিতির কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং সর্বোচ্চ রাজনৈতিক চাপ বহাল রাখার জন্য কয়েকটি দেশের অব্যাহত প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, অভিন্ন এ সংকট মোকাবেলায় সব দেশের মধ্যে সহযোগিতার কোনো বিকল্প নেই। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দশকে সারা বিশ্ব বন্যা, ভূমিকম্পের মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। বিশ্ববাসী এসব বিপর্যয় রোধে একে অপরের সাহায্যে এগিয়ে এসেছে।

এদিকে, রুশ ফেডারেশনে ইরানের প্রতিনিধি কাজেম জালালিও মস্কোয় অবস্থিত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তার দেশে করোনা ভাইরাস মোকাবেলায় জাপানি সাহায্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সাক্ষাতে তারা ইরানের স্বাস্থ্যখাতের বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসবাদ, করোনা মোকাবেলায় ইরানের ভূমিকা এবং করোনা নিয়ে মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় তেহরানের পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন। সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত করোনা ভাইরাস মোকাবেলায় ইরানের  গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সব রীতিনীতি পদদলিত করেছে। আমেরিকার এ আচরণ করোনা ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার পথে বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে এটা দেখিয়ে দিয়েছে যে, তারা মানবিকতার ধার ধারে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এক টুইটবার্তায় বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইরানের জন্য আইএমএফ'র দেয়া অর্থ সাহায্য আটকে দিয়ে আমেরিকা মানবতা বিরোধী অপরাধ করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা এবং জাতিগুলোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ চাপিয়ে দেয়ার ব্যাপারে অতীতে এবং বর্তমানও আন্তর্জাতিক সমাজের নীরবতা গোটা মানব সমাজের জন্য বিরাট ক্ষতি ডেকে আনবে। করোনা  এমন এক ভয়ঙ্কর ভাইরাস যা মোকাবেলা করতে হলে বিশ্বের সব দেশকে এগিয়ে আসতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী অন্যায় পদক্ষেপ ও এ ব্যাপারে পাশ্চাত্যের অন্য দেশের নীরবতা থেকে মানবাধিকারের ব্যাপারে তাদের দাবির অসারতা প্রমাণিত হয়েছে। বর্তমানে আমেরিকা করোনা ভাইরাসকে তাদের অবৈধ উদ্দেশ্য হাসিলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন এ আচরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের শান্তি কমিশন এক বিবৃতিতে বলেছে, করোনার প্রাদুর্ভাব সমগ্র মানব জাতির জন্য বিরাট বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্ব শান্তির জন্য অর্জিত সাফল্যকে ম্লান করে দিচ্ছে এ ভাইরাস।

যাইহোক, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ বেশ সোচ্চার। এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের বোধোদয় হবে বলে সকলের প্রত্যাশা।  #                

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২