মার্কিন হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79419-মার্কিন_হস্তক্ষেপে_আঞ্চলিক_স্থিতিশীলতা_ও_নিরাপত্তা_ক্ষতিগ্রস্ত_হচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে এশিয়া অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ১০:৩৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি ও শি জিনপিং
    প্রেসিডেন্ট রুহানি ও শি জিনপিং

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে এশিয়া অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।

ফোনালাপে প্রেসিডেন্ট রুহানি আমেরিকার হস্তক্ষেপমূলক আচরণের বিষয়টি তুলে ধরেন। মার্কিনী হস্তক্ষেপমূলক নীতিকে তিনি শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের কারণ বলেও উল্লেখ করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আঞ্চলিক নিরাপত্তা এবং সমুদ্রসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কিন হস্তক্ষেপের কারণে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরাস্য উপসাগরে বিনা প্রয়োজনে সবসময় যুদ্ধজাহাজের উপস্থিতি বজায় রাখ আমেরিকা

ইরানের উপর মার্কিন সরকার অবৈধভাবে যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, “আমরা বর্তমানে এমন একটি পরিস্থিতি মোকাবেলা করছি যেখানে বিশ্বের সব দেশের উচিত একে অপরকে সাহায্য করা। কিন্তু কিছু দেশ অমানবিক এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট রুহানি আশা করেন- চীনের মতো কিছু দেশের সম্মিলিত প্রচেষ্টায় নিষেধাজ্ঞা মুক্ত পৃথিবী প্রতিষ্ঠা হবে।

ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে বলেন, কিছু দেশ বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কিন্তু চীন তার আন্তর্জাতিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে সহযোগিতার জন্য ইরানের প্রশংসা করে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইরানের বর্তমান করোনা পরিস্থিতিতে চীন থেকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮