করোনাভাইরাস: ইরানে আজ পর্যন্ত সুস্থ ৭৫ হাজারের বেশি
-
কিয়ানুশ জাহানপুর
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৫ হাজার ১০৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে জাহানপুর বলেন, ইরানে এ পর্যন্ত ৯৪ হাজার ৬৪০ জনের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৩ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। দুঃখজনকভাবে গত ২৪ ঘন্টায় ৭১ জন মারা গেছে উল্রেখ করে জাহানপুর বলেন, ইরানে এই রোগে এখন পর্যন্ত ৬ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের বাইরেও সমগ্রবিশ্বে এ রোগ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩২ লাখ ১৮ হাজার ১৮৩ জন মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে যাদের মধ্যে প্রায় ২ লাখ ২৮ হাজার মারা গেছে। এছাড়া, প্রায় ১০ লাখ করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে আজ (বৃহস্পতিবার) জানিয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।