‘পরমাণু সমঝোতা সম্পর্কে কথা বলারই অধিকার আমেরিকার নেই’
https://parstoday.ir/bn/news/iran-i79689-পরমাণু_সমঝোতা_সম্পর্কে_কথা_বলারই_অধিকার_আমেরিকার_নেই’
ইরান বলেছে, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এ সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০২০ ০৭:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান বলেছে, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এ সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ২০১৮ সালের ৭ মে একতরফাভাবে ওই সমঝোতা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এ সম্পর্কে বলেছেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এ সম্পর্কে কথা বলার সব যোগ্যতা হারিয়েছে। মন্ত্রণালয় এক টুইটার বার্তায় লিখেছে, “আমেরিকা পরমাণু সমঝোতাকে ঘৃণা করে, এটি থেকে বেরিয়ে গিয়ে এটিকে লঙ্ঘন করেছে এবং যারা এটি মেনে চলছে তাদেরকে শাস্তি দিচ্ছে। কাজেই এই সমঝোতা সম্পর্কে কোনো ধরনের কথা বলারই অধিকার আমেরিকার নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য তার দেশ পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে। পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। তবে শর্ত অনুযায়ী, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী কোনো দেশ ওই নিষেধাজ্ঞা নবায়নের উদ্যোগ নিতে পারবে। কিন্তু আমেরিকা ২০১৮ সালে ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে কার্যত সে অধিকার হারিয়েছে। এ কারণে পম্পেও আবার এ সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।