করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে
-
ডা. জাহানপুর
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯১ হাজার ৮৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন এবং করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ১০২ ব্যক্তি শনাক্ত হয়েছেন।
কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে প্রায় এক লাখ ১৬ হাজার ৬৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯০২ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন। সারা বিশ্বে এ পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৩ লাখ।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।