'ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা আর কার্যকরী নয়'
-
ইরানি তেল ট্যাংকার পৌঁছানোর পর অভিনন্দন জানাচ্ছেন ভেনিজুয়েলার বন্দর শ্রমিকরা
ভেনিজুয়েলায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি বলেছেন, তার দেশ এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সরকার যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা এখন আর কার্যকর নয়।
গতকাল (মঙ্গলবার) ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে হুজ্জাতুল্লাহ সুলতানি এসব কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে ভেনিজুয়েলায় তেল রপ্তানির ঘটনাকে তিনি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিজয় বলে অভিহিত করেন।
২০১৫ সালে সই হওয়া ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক সমালোচনার কথা উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, এমনকি মার্কিন মিত্ররাও আমেরিকাকে এই ঘটনায় তিরস্কার করেছে এবং তারা ইরান-বিরোধী নিষেধাজ্ঞা এড়ানোর পথ খুঁজছে।
সাক্ষাৎকারে ইরানের এ কূটনীতিক বলেন, মার্কিন সরকার তাদের নিজস্ব মুদ্রা ডলার ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছে এবং অন্যদের উপর চাপ সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা মার্কিন বলদর্পিতার মুখে কেউ আত্মসমর্পণ করবে না।
ইরান যে পাঁচটি জাহাজে করে তেল এবং তেলজাত পণ্য ভেনিজুয়েলায় রপ্তানি করেছে সে সম্পর্কে হুজ্জাতুল্লাহ সুলতানি বলেন, আন্তর্জাতিক প্রটোকল ও সমুদ্র আইন মেনেই ইরান এ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আমেরিকা যেহেতু পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে সেখানে তারা ইরানের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নিতে সমর্থ হয় নি।#
পার্সটুডে/এসআইবি/২৭