ইরানের নয়া সংসদের স্পিকার হলেন সাবেক মেয়র কলিবফ
-
কলিবফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রাজধানী তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাকের কলিবফ। তিনি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজধানী তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি দেশের পুলিশ প্রধানের পদেও ছিলেন। কলিবফ তেহরানের একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তেহরান প্রদেশে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সংসদে স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে তিনি ২৩০ ভোট পেয়েছেন। তার দুই প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ মোস্তফা অগা মিরসালিম ১২ ভোট এবং ফেরেইদুন আব্বাসি ১৭ ভোট পেয়েছেন।
সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ প্রথম ডেপুটি স্পিকার এবং আলী নিকযাদ দ্বিতীয় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। আজকের অধিবেশনে ২৬৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ইরানে গতকাল থেকে একাদশ সংসদের অধিবেশন শুরু হয়েছে। ইরানের সংসদের মোট ২৯০টি আসন রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।