সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80761-সাগরে_ক্রুজ_ক্ষেপণাস্ত্রের_সফল_পরীক্ষা_চালাল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২৮০ কিলোমিটার। এছাড়াও স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ১৮, ২০২০ ১৫:০১ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২৮০ কিলোমিটার। এছাড়াও স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সেনাবাহিনীর নৌ ইউনিট আজ (বৃহস্পতিবার) জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজনে বাড়ানো সম্ভব বলে জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলেছেন, এই সাফল্য সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে এবং ইরানের তরুণ বিজ্ঞানীরা স্বনির্ভরতা অর্জনের পথে নিজেদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

তিনি বলেন, নৌবাহিনীর একটি মহড়ার সময় এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং সাগরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা থেকে এটা প্রমাণিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত আত্মবিশ্বাসী। যেকোনো ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে বলে তিনি জানান। সাইয়ারি বলেন, আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।