বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স শিগগিরই ফ্রান্সে পাঠানো হচ্ছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i80877-বিধ্বস্ত_বিমানের_ব্ল্যাকবক্স_শিগগিরই_ফ্রান্সে_পাঠানো_হচ্ছে_জারিফ
গত জানুয়ারি মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স কয়েকদিনের মধ্যে ফ্রান্সে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ২৩, ২০২০ ০৭:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

গত জানুয়ারি মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স কয়েকদিনের মধ্যে ফ্রান্সে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।

জারিফ বলেন, বিমানটির ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধারের লক্ষ্যে ইরান এটিকে ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং শিগগিরই এটি বাস্তবায়িত হবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন

ইউক্রেনের বিমান পরিবহন সংস্থা এবং বিধ্বস্ত বিমানের নিহত যাত্রীদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে আলোচনায় বসতে ইরান বহু আগে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। কিন্তু ইউক্রেন সরকার এখনো আলোচনার জন্য কোনো টিম ঠিক করেনি। জারিফ বলেন, বিষয়টি নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

গত ৮ জানুয়ারি ১৬৭ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হন। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি। তবে ৩২ জন ছিলেন কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের নাগরিক।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।