তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪
-
তেহরান সময় মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের পরপরই আগুনের লেলিহান শিখা উচ্চ আকাশে উঠে যায়
ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ (বুধবার) সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।
তিনি আরো বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে হতাহতদের সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন বলে তিনি জানান।
মালেকি বলেন, ‘সিনা আতহার’ নামের ক্লিনিকটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পার্সটুডের সংবাদদাতা জানিয়েছেন, আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।