২ দিনের সফরে ইরানে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি আজ (মঙ্গলবার) দুই দিনের সরকারি সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।
মুস্তাফা আল কাজেমি একটি উচ্চ পর্যায়ের আর্থ-রাজনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদেকানিয়ান।
আজই প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপরই দুই নেতা বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।
এছাড়া, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরির উপস্থিতিতে ইরাক এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
দু'দিনের সরকারি সফরে তেহরানে অবস্থানকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।