ইরানে মার্কিন সেনা আটকের পঞ্চম বার্ষিকীতে আইআরজিসির নৌমহড়া
https://parstoday.ir/bn/news/iran-i85929-ইরানে_মার্কিন_সেনা_আটকের_পঞ্চম_বার্ষিকীতে_আইআরজিসির_নৌমহড়া
ইরানের পানিসীমা অতিক্রমের অপরাধে মার্কিন সেনাদের আটক করার পঞ্চম বার্ষিকী পালন করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ উপলক্ষে এই বাহিনী পারস্য উপসাগরে অবস্থিত ‘ফারসি’ দ্বীপের কাছে এক সংক্ষিপ্ত নৌমহড়া চালিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২১ ০৭:৫১ Asia/Dhaka

ইরানের পানিসীমা অতিক্রমের অপরাধে মার্কিন সেনাদের আটক করার পঞ্চম বার্ষিকী পালন করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ উপলক্ষে এই বাহিনী পারস্য উপসাগরে অবস্থিত ‘ফারসি’ দ্বীপের কাছে এক সংক্ষিপ্ত নৌমহড়া চালিয়েছে।

শনিবার অনুষ্ঠিত ওই মহড়ায় আইআরজিসি ও স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের অন্তত ৭০০ গানবোট ও সামরিক জাহাজ অংশ নিয়েছে। আইআরজিসি’র সিনিয়র কমান্ডার রামেজান জিরাহি বলেছেন, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশের বিভিন্ন উপকূলীয় ঘাঁটি থেকে এসব বোট ও জাহাজ সাগর পাড়ি দিয়ে ‘ফারসি’ দ্বীপের কাছে পৌঁছায় এবং সামরিক মহড়ায় অংশ নেয়।

জিহারি আরো বলেন, আইআরজিসি অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধ উপকরণ নিয়ে যেকোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে জড়ানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।শত্রুর যেকোনো আগ্রাসন বা হঠকারিতার জবাব দিতে এ বাহিনী বিন্দুমাত্র দ্বিধা করবে না।

মার্কিন মেরিন সেনাদের আটক করার দৃশ্য (ফাইল ছবি)

২০১৬ সালের ‌১২ জানুয়ারি দু’টি গানবোটে করে ১০ মার্কিন মেরিন সেনা ইরানের পানিসীমা লঙ্ঘন করে এদেশের প্রায় তিন মাইল ভেতরে ঢুকে পড়েছিল। ওই অবস্থায় আইআরজিসি’র নৌবাহিনী এসব মার্কিন সেনাকে ফারসি দ্বীপের কাছ থেকে আটক করে। আইআরজিসি’র তৎকালীন নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি তখন জানিয়েছিলেন, মার্কিন সেনাদের নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় তারা দিকভুল করে ইরানের পানিসীমায় ঢুকে পড়েছিল।তেহরানের পক্ষ থেকে তদন্ত শেষে মার্কিন সেনাদের ভুলের বিষয়টি প্রমাণিত হওয়ায় একদিন পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।