ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বাস্তবায়নের সক্ষমতা ইসরাইলের নেই: আমির হাতামি
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্র্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা গুরুতর। তবে তেহরানের বিরুদ্ধে কোনো কিছু করার সক্ষমতা এবং সাহস কোনটিই তেল আবিব সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।
আমির হাতামি আজ (সোমবার) কাযবিন প্রদেশে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের বলেন, ইসরাইল এমন একটি প্রাণী যার বড় বড় এং প্রশস্ত মুখ আছে এবং তা দিয়ে চিৎকার চেঁচামেচি এবং হুমকি দিচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে হুমকি বাস্তবায়নের কোনো সাহস এবং সক্ষমতা অবৈধ এ শাসক গোষ্ঠীর নেই।
আমির হাতামি বলেন, বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি আরো বলেন, দশ দিনের সংক্ষিপ্ত সামরিক মহড়ায় তার দেশের স্থল, বিমান এবং নৌ বাহিনীর সর্বোচ্চ মাত্রায় প্রস্তুতি থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হাতামি আরো বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা এমন পর্যায়ে পৌছেছে যে ইরানের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি মোকাবেলা করার কোনো সাহস শত্রুদের নেই। তারা কেবল তেহরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে কিন্তু হুুমকি বাস্তবায়নের সাহস ও সক্ষমতা তাদের নেই। #
পার্সটুডে/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।