নিরাপত্তা ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইরান ও পাকিস্তান
-
আব্দুল্লাহিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান আবারও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যৌথ সীমান্ত ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সব সময় গুরুত্ব পেয়েছে।
দুই দেশের কর্মকর্তারা এ ক্ষেত্রে যেসব সমঝোতায় পৌঁছেছেন তার ভিত্তিতে সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রহিম হায়াত কোরেশির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানের সংসদ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা জোরদারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে আব্দুল্লাহিয়ান জানান।
পাকিস্তানের রাষ্ট্রদূত এ সময় বলেন, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। যৌথ সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে আমরা সীমান্তে একাধিক বাজার প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মানুষের জীবন উন্নয়নে চেষ্টা চালাচ্ছি।
দুই দেশের জন্যই সীমান্তে নিরাপত্তা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।