সিরিয়ায় ১২ ইরানি সেনার লাশ আটকে রেখেছে সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/iran-i8977-সিরিয়ায়_১২_ইরানি_সেনার_লাশ_আটকে_রেখেছে_সন্ত্রাসীরা
সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ১২ সদস্যের লাশ আটকে রেখেছে উগ্র সন্ত্রাসীরা। ইরানের একজন সেনা কর্মকর্তা এ খবর দিয়েছেন। সম্প্রতি এসব সেনা সিরিয়ার উত্তরাঞ্চলীয় খান তুমান শহরে নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৬ ২১:০০ Asia/Dhaka
  • সিরিয়ায় ১২ ইরানি সেনার লাশ আটকে রেখেছে সন্ত্রাসীরা

সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ১২ সদস্যের লাশ আটকে রেখেছে উগ্র সন্ত্রাসীরা। ইরানের একজন সেনা কর্মকর্তা এ খবর দিয়েছেন। সম্প্রতি এসব সেনা সিরিয়ার উত্তরাঞ্চলীয় খান তুমান শহরে নিহত হয়েছে।

গত শনিবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছিল, খান তুমান শহরে ইরানের ১৩ সেনা উপদেষ্টা নিহত ও ২১ জন আহত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশে থেকে এসব সেনা সিরিয়ায় গিয়েছিল। খান তুমান শহর আলেপ্পো প্রদেশে অবস্থিত।

আজ (মঙ্গলবার) আইআরজিসি’র মুখপাত্র হোসেইন আলী রেজা জানিয়েছেন, সিরিয়ার খান তুমান শহরে লড়াই চলছে এবং এলাকাটি মুক্ত করার পর সেখান থেকে শহীদ সেনাদের লাশ উদ্ধার করা সম্ভব হবে।

হোসেইন আলী রেজা জানান, মাজান্দারান থেকে যাওয়া সব সেনা ইরানে ফিরে এসেছে। এর মধ্যে নয়জন আহত সেনাও রয়েছে। বাকি আহত সেনাদের শিগগিরি ইরানে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। সিরিয়ার সরকারি সেনারা খান তুমান শহর মুক্ত করার জন্য বিশাল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে আগেই খবর বের হয়েছে। শহরটি মুক্ত করার বিষয়ে ইরান অঙ্গীকার ব্যক্ত করেছে।

গত শুক্রবার আলেপ্পো শহরে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ মুহূর্তে সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট খান তুমান শহরটিতে হামলা চালিয়ে তা দখল করে নেয়।#

সিরাজুল ইসলাম/১০