‘হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু প্রতিরোধ আন্দোলনকে জোরদার করবে’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, লেবাননের হিজবুল্লাহ কমান্ডার মুস্তাফা বদরুদ্দিনের মৃত্যু ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে শুধু প্রতিরোধ আন্দোলনকেই জোরদার করবে।
আজ (শনিবার) হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেছেন। গত বৃহস্পতিবার বদরুদ্দিন সিরিয়ার রাজধানী দামস্কের কাছে বড় ধরনের বিস্ফোরণে মারা যান। সেখানে তিনি উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের পরামর্শ দিচ্ছিলেন।
কমান্ডার বদরুদ্দিনের আত্মত্যাগের প্রশংসা করে ইরানরে স্পিকার বলেন, হিজবুল্লাহর এই বীর শহীদ তার জীবনের বহু বছর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছেন। হিজবুল্লাহ নিশ্চয় লেবাননের সেরা একজনকে হারিয়েছে কিন্তু এতে ইসরাইল-বিরোধী জিহাদি বাহিনীর প্রতিরোধ জোরদার হবে।
শোক বার্তায় ড. লারিজানি কমান্ডার বদরুদ্দিনের পরিবার-পরিজনের প্রতিও শোক এবং সমবেদনা জানান। হিজবুল্লাহ এ মৃত্যুর জন্য সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীদেরকে দায়ী করেছে।#
সিরাজুল ইসলাম/১৪