সীমান্তবর্তী এলাকায় তালেবান হামলা: ‘ইরান সীমান্ত শান্ত ও নিরাপদ আছে’
https://parstoday.ir/bn/news/iran-i94370-সীমান্তবর্তী_এলাকায়_তালেবান_হামলা_ইরান_সীমান্ত_শান্ত_ও_নিরাপদ_আছে’
ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, “আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো রকম নিরাপত্তাহীনতা নেই।”
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১০, ২০২১ ০৬:৪৪ Asia/Dhaka
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, “আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো রকম নিরাপত্তাহীনতা নেই।”

তালেবান আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী ইসলাম কালা জেলাটি দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন। ইসলাম কালা জেলার সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে আফগানিস্তানের একটি স্থলবন্দর রয়েছে যা বৃহস্পতিবার তালেবান হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলাম কালা ক্রসিংয়ে (স্থলবন্দর) তালেবান হামলার পর সেখানে কর্মরত আফগান কর্মীরা ইরানে প্রবেশ করেছে।  তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা রক্ষায় আফগানিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তিগুলো মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দু’দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার ইরানের শুল্ক বিভাগ আফগানিস্তানের সঙ্গে দু’টি স্থলবন্দর দিয়ে দেশটিতে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছিল। ওই দু’টি বন্দরের আফগান অংশ তালেবান দখল করে নিয়েছে বলে খবর পাওয়ার পর স্থলবন্দর দু’টি বন্ধ করে দিয়ে এ ব্যবস্থা নেয়া হয়। তবে আফগানিস্তানের সঙ্গে ইরানের তৃতীয় স্থলবন্দর যথারীতি চালু রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।