ইরান নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরে যাবে তবে...
https://parstoday.ir/bn/news/iran-i98230-ইরান_নিশ্চিতভাবে_ভিয়েনা_সংলাপে_ফিরে_যাবে_তবে...
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে নিশ্চিতভাবে ফিরে যাবে; তবে এ সংক্রান্ত আগের বৈঠকগুলোর অগ্রগতি ও কাগজপত্র পর্যালোচনা করার পর এর সময় নির্ধারিত হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ০৫, ২০২১ ০৭:৫৫ Asia/Dhaka
  • বিগত ছয় দফা আলোচনায় কেন সব পক্ষের জন্য সন্তোষজনক ফলাফল বেরিয়ে এলো না প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সেটি বোঝার চেষ্টা করছেন
    বিগত ছয় দফা আলোচনায় কেন সব পক্ষের জন্য সন্তোষজনক ফলাফল বেরিয়ে এলো না প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সেটি বোঝার চেষ্টা করছেন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে নিশ্চিতভাবে ফিরে যাবে; তবে এ সংক্রান্ত আগের বৈঠকগুলোর অগ্রগতি ও কাগজপত্র পর্যালোচনা করার পর এর সময় নির্ধারিত হবে।

তিনি সোমবার ফ্রান্সের নিউজ চ্যানেল ‘ফ্রান্স২৪’কে দেয়া সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান ঘোষণা করেন। খাতিবজাদে বলেন, ইরানে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা ভিয়েনা সংলাপের দলিল পর্যালোচনা করার কাজ শুরু করেছি। এ পর্যন্ত একদফা পর্যালোচনা শেষ হয়েছে এবং আরেক দফা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে একটি বিষয় নিশ্চিত যে, ইরান অবশ্যই ভিয়েনা সংলাপে ফিরে যাবে।

জার্মানি এবং জাতিসংঘের চার স্থায়ী সদস্য দেশ ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ছয় দফা আলোচনা করেছে ইরান। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এ সংলাপে দেশটির অংশগ্রহণের বিরোধিতা করে ইরান। ফলে আমেরিকা স্বতন্ত্র টিম নিয়ে ভিয়েনায় পরোক্ষ আলোচনায় অংশ নেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে 

খাতিবজাদে বলেন, সাবেক প্রেসিডেন্ট রুহানি সরকারের ওই ছয় দফা আলোচনার কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য প্রচুর সময় প্রয়োজন।তবে এ কাজে ইরান ততটা সময় নেবে না যতটা সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হাতে পাওয়ার পর ভিয়েনা সংলাপে বসতে নিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিগত ছয় দফা আলোচনায় কেন সব পক্ষের জন্য সন্তোষজনক ফলাফল বেরিয়ে এলো না প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সরকার সেটি বোঝার চেষ্টা করছে।এছাড়া, পরবর্তী বৈঠকে ইরান ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর জানতে চায় তাও লিপিবদ্ধ করার কাজ চলছে।

খাতিবজাদে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ভিয়েনা সংলাপের মূল এজেন্ডা হিসেবে উল্লেখ করেন যেসব নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আরোপ করেছিল।তিনি বলেন, শুধুমাত্র ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে ৮০০ নিষেধাজ্ঞা আরোপ করেছে যার প্রত্যেকটি প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।