আমেরিকা ও ইসরাইল সবচেয়ে দুর্বল অবস্থানে, ওরা এখন অসংলগ্ন: জেনারেল জালালি
-
জালালি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং তারা অসংলগ্ন হয়ে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আজ মঙ্গলবার এ কথা বলেছেন।
জালালি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নানা ধরণের হুমকি রয়েছে। এসব হুমকি মনিটরিংয়ের দায়িত্ব পালন করে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে ইরানের প্রধান দুই শত্রু আমেরিকা ও ইসরাইলের অবস্থা ভালো নয়। তারা সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলে নেতানিয়াহুর পরাজয়ের পর তাদের অসংলগ্ন অবস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে।
গোলাম রেজা জালালি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে গিয়ে তারা পরাজিত হয়েছে। তারা এখন ইরানের মোকাবেলায় ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান আরও বলেন, ইসরাইল ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধের পাশাপাশি গোয়েন্দাবৃত্তি এবং সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করছে। সাইবার জগতেও তারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। এটাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন