পথ পরিষ্কার, পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i99764-পথ_পরিষ্কার_পরমাণু_সমঝোতায়_ফিরতে_হলে_আমেরিকাকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার জন্য পরিষ্কার বার্তা হচ্ছে- বর্তমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায় নিতে হবে এবং পরমাণু সমঝোতার সদস্য হিসেবে তাকে ফিরতে হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, তারা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ০৪:৫৬ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার জন্য পরিষ্কার বার্তা হচ্ছে- বর্তমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায় নিতে হবে এবং পরমাণু সমঝোতার সদস্য হিসেবে তাকে ফিরতে হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, তারা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক।

গতকাল (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাঈদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, ওয়াশিংটনকে এই নিশ্চয়তা দিতে হবে যে, ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট আবারো যাতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে পুরো বিশ্ব এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে মশকরা না করতে পারেন।

ইরানি মুখপাত্র স্পষ্ট করে বলেন, আমেরিকার সামনে পথ পরিষ্কার এবং তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতে হবে। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে ফিরতে হলে তাকে তার বর্তমান পথ থেকে সরে আসতে হবে।

সাঈদ খাতিবজাদে স্পষ্ট করে বলেন, আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরার আগে তেহরানের বিরুদ্ধে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে।

ইরানের এ মুখপাত্র আরো বলেন, আমেরিকা এখন কোনোভাবেই পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয়। সেক্ষেত্রে তারা পরমাণু সমঝোতার অন্য কোনো পক্ষকে এই বিষয়ে কোনরকমের কোনো আহ্বান জানাতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।