ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
‘ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে তার দেশের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়টি চূড়ান্ত করতে হবে। তিনি সোমবার বিকেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।
আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার, পরমাণু সমঝোতায় সকল পক্ষের পুরোপুরি ফিরে আসা, আলোচনার ফলাফল বাস্তবায়নের গ্যারান্টি থাকা এবং সব পক্ষের প্রতিশ্রুতি যাচাই করে দেখার সুযোগ দেয়ার ওপর ভিয়েনা সংলাপের সাফল্য নির্ভর করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক অব্স্থায় ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ২০১৫ সালের পরমাণু সমঝোতায় দেওয়া হয়েছিল।আসন্ন ভিয়েনা সংলাপে এ বিষয়টি পুরোপুরি বাস্তবায়নের গ্যারান্টি দিতে হবে। তিনি ব্রিটিশ সরকারের কাছে ইরানের পুরনো পাওনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরানি জনগণের এই পাওনা আদায়ের অধিকার রয়েছে। তিনি ইরানের পাওনা যথাশীঘ্র সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
টেলিফোনালাপে লিজ ট্রাস ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার তারিখ নির্ধারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই সমঝোতা আবার বাস্তবায়নের ব্যাপারে তিন ইউরোপীয় দেশ অত্যন্ত আন্তরিক।
আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় তিন ইউরোপীয় দেশ এবং চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হবে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এসব দেশের সঙ্গে ইরানের ছয় দফা আলোচনা হলেও তা থেকে চূড়ান্ত কোনো ফল বেরিয়ে আসেনি।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।