আসন্ন ভিয়েনা আলোচনা নিয়ে আব্দুল্লাহিয়ানের উক্তি
মানসিকতা ‘আন্তরিক ও ইতিবাচক’ হলে ‘ভালো চুক্তি’ হবে: পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আসন্ন ভিয়েনা বৈঠকে সকল পক্ষ ‘আন্তরিক ও ইতিবাচক’ মানসিকতা নিয়ে অংশগ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকাকে বাদ দিয়ে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান। এর আগে গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ছয় দফা আলোচনা করেছে এবং ইউরোপীয় দেশগুলো ওই আলোচনা যে পর্যন্ত এগিয়েছে সেখান থেকে আবার শুরু করতে চায়। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ভিন্ন কথা।
আব্দুল্লাহিয়ান তার ইনস্টাগ্রাম বার্তায় বলেন, “আগের সংলাপে নিজেকে আটকে রাখার কোনো ইচ্ছা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই।... আমি মনে করি অপর পক্ষগুলো আন্তরিক ও ইতিবাচক মনোভাব নিয়ে ভিয়েনা আলোচনায় অংশ নিলে অল্প সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা সরানোর আলোচনার তারিখ যখন নির্ধারিত হয়ে গেছে তখন আরেকবার এ ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট করা জরুরি। তিনি বলেন, গত সপ্তাহে তিনি পাঁচ জাতিগোষ্ঠী অর্থাৎ চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত টেলিফোনালাপ করেছেন। তিনি সেখানে বলেছেন যে, ইরান একটি ফলদায়ক আলোচনা চায় এবং একটি ‘ভালো চুক্তি’ সই করতে বদ্ধপরিকর। আব্দুল্লাহিয়ান বলেন, একটি ভালো চুক্তির জন্য কার্যকরভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি এবং একইসঙ্গে সকল পক্ষকে ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতায় ফিরে যেতে হবে।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।