'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'
https://parstoday.ir/bn/news/letter-i115350-'রেডিও_তেহরান_সত্যের_প্রতিফলক_এবং_শান্তির_বার্তাবাহক'
প্রিয় রেডিও তেহরান, সারাদিনের জীবন সংগ্রামের ঘাতপ্রতিঘাতে যখন আমি বিধ্বস্ত, ক্লান্ত, স্বৈরাচারের আস্ফালনে অপমানিত ঠিক সেই সন্ধ্যায় তোমার হিমেল মৃদুমন্দ সজীব শব্দ তরঙ্গের সমীরণ আমাকে সতেজ করে তোলে, মানবতার সারণীতে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। আজ রেডিও তেহরান কেন আমার কাছে এত প্রিয়, রেডিও তেহরান কিভাবে আমাকে সমৃদ্ধ করে চলছে সেটাই লিখব।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০২, ২০২২ ১৫:৩৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'

প্রিয় রেডিও তেহরান, সারাদিনের জীবন সংগ্রামের ঘাতপ্রতিঘাতে যখন আমি বিধ্বস্ত, ক্লান্ত, স্বৈরাচারের আস্ফালনে অপমানিত ঠিক সেই সন্ধ্যায় তোমার হিমেল মৃদুমন্দ সজীব শব্দ তরঙ্গের সমীরণ আমাকে সতেজ করে তোলে, মানবতার সারণীতে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। আজ রেডিও তেহরান কেন আমার কাছে এত প্রিয়, রেডিও তেহরান কিভাবে আমাকে সমৃদ্ধ করে চলছে সেটাই লিখব।

প্রথমেই পার্সটুডের সকল কুশলীগণকে সালাম জানাই, বিশেষভাবে রেডিও তেহরান বাংলাকে যাঁরা তাঁদের প্রজ্ঞা ও সৃজনশীল হৃদয়ের স্পর্শে অনন্য করে তুলেছেন। সোহেল ভাই, আশরাফ ভাই, নাসির ভাই, রিজওয়ান ভাই এবং বোন আকতার জাহান ও সকলকে জানাই শুভেচ্ছা। আর যাঁরা নিয়মিত রেডিও তেহরান শোনেন ওয়েব পেজ পড়েন, নিয়মিত সুন্দর চিঠি লেখেন তাঁদেরও জন্য রইল প্রীতি।

এবার মূল বিষয়ে আসা যাক, রেডিও তেহরানকে আমি কিছুই দিতে পারিনি, কিন্তু পেয়েছি আনেক। বর্তমান সময়ে সমগ্র বিশ্বে গণতান্ত্রিক মুখোশে গড়া স্বৈরাচারী শাসনের পরিকাঠামোই বিশ্ববাসী নিপীড়িত। আর ঐ শাসন ব্যবস্থা জন্ম দিয়েছে কর্পোরেট সংবাদ মাধ্যম বা মিডিয়া হাউস। যারা সারাদিন স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শাসকদের কূটিল চক্রান্তকে গণউন্নয়নের চাদর চড়িয়ে প্রচার করে যাচ্ছে। এমতাবস্থায় আমি রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও সংবাদভাষ্য তথা দৃষ্টিপাত শুনে তা স্পষ্ট উপলব্ধি করতে পারি। প্রকৃতপক্ষে রেডিও তেহরানের সংবাদ তথ্যনিষ্ঠ ও নিরপেক্ষ যা সাংবাদিকতার সংবিধানের এক উজ্জ্বল অধ্যায় স্বরূপ। যা বর্তমান প্রজন্মের নিকট ক্লাসরুম।

এছাড়াও রেডিও তেহরানের সাপ্তাহিক এবং ধারাবাহিক পরিবেশনাগুলোও আমার মর্মে গভীর দাগ কাটে। ইতিহাসভিত্তিক অনুষ্ঠান, ধর্মীয় চেতনাভিত্তিক অনুষ্ঠান কুরআনের আলো, সুখের নীড়, দর্শন প্রভৃতি আমার বিশ্বাস জ্ঞান ও চেতনাকে শাণিত করে। ছোটরাও রেডিও তেহরানের কাছে উপেক্ষিত নয়, রংধনু আসর এবং 'গল্প ও প্রবাদের গল্প' বড়দের বিমোহিত করে।

স্বাস্থ্যকথা, সুন্দর জীবন নামক অনুষ্ঠানগুলো আমার চলার পথে প্রজ্ঞাময় করে তুলে। সর্বোপরি শ্রোতা ও রেডিও তেহরানের আত্মীক বন্ধনের পরিবেশনা যেমন প্রিয়জন, কথা-বার্তা, আলাপন আমাদের সকলকে একসূত্রে গেঁথে ফেলেছে। রেডিও তেহরান আরো গভীরভাবে আমাদের কাছে এসে পড়েছে।

পরিশেষে, আমার একটি নিতান্তই ব্যক্তিগত অনুভূতির কথা লিখি, যখন রেডিওতে অনুষ্ঠান শুনতাম, আমার মনে হতো আমি সহসা পৌঁছে যেতাম পাখি হয়ে তেহরানের বেতার ভবনের কার্নিশে। সেখানে বসে অপলক নেত্রে কর্ণকুহর মেলে অনুষ্ঠান শুনতাম। কথাবার্তার সাথে আপনাদের প্রশ্বাসের শব্দও কানে ভাসত। আর শেষে সমাপনী সংগীতের সুরতরঙ্গে ডানা মেলে আবার চলে আসতাম আমার শোবার ঘরে। এভাবে প্রতিদিনই আমি তেহরান যেতাম।

আজ আর নয়, পরে আবার কথা হবে। সকলের জন্য দুয়াকরি, মহান আল্লাহ নিকট সুস্থতা জন্য।

               

ইতি,

আপনাদের গুণমুগ্ধ

মহম্মদ ঘোরী শাহ্,

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।