শ্রোতাদের মতামত
'হযরত সুলায়মান ও রাণী বিলকিসকে নিয়ে অনুষ্ঠানটি ছিল সুদূরপ্রসারী চিন্তার ফসল'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার (আইআরআইবি) সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর ধারাবাহিক অনুষ্ঠান “নারী: মানব ফুল-১৪ (সুলায়মান ও সাবার রাণীর কাহিনী)” শিরোনামে প্রচারিত অনুষ্ঠানটি ছিল সুদূরপ্রসারী চিন্তার ফসল।
নবী হযরত সুলায়মান (আ) এর সততা ও নিষ্ঠা এবং সাবার রাণী বিলকিসের বিচক্ষণতার পরিচয় ফুটে উঠেছে 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের এ পর্বের মাধ্যমে। অনুষ্ঠানটি রেডিও তেহরান যেভাবে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করে তা নারীদের জন্য বিশাল সম্মানের। 'নারী: মানব ফুল' অনুষ্ঠানটি রেডিও তেহরানকে অনন্য এক সম্মানের অবস্থানে নিয়ে গেছে।
পবিত্র কুরআনে উল্লেখিত একমাত্র নারী শাসক তথা রাণী বিলকিসের গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের ১৪তম পর্বে। একজন সূর্য পূজারি থেকে কিভাবে নবী হযরত সুলায়মান (আ.-এর সান্নিধ্যে এসে এক আল্লাহর ওপর ঈমান এনেছিলেন তা আলোচিত হয়েছে এ পর্বে।
এ পর্বে জানা গেছে, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীর উপস্থিতি বা ভূমিকা রাখা বৈধতা পবিত্র কুরআনের আলোকে আলোচিত হয়েছে। সূরা নামল এ সাবার রাণী বিলকিসের চিন্তাধারার প্রশংসা রয়েছে তা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে নারী মানবফুলের এ পর্বে।
পবিত্র কুরআনের বর্ণনা থেকে বোঝা যায় সাবার রাণী ছিলেন ইয়েমেনের বিশাল দেশের শাসক ও বিশ্বের বিচক্ষণ শাসকদের অন্যতম। সত্যের মোকাবেলায় বিদ্রোহ নয় বরং আত্মসমর্পণ করাই যে সাহসিকতা তা তিনি জানতেন। রাণী বিলকিস বিদ্রোহের পরিবর্তে মহান আল্লাহর নবী সুলায়মানের সঙ্গে সংলাপে বসার নীতি গ্রহণ করেছিলেন। সুলায়মান সত্যিই মহান আল্লাহর নবী ও একত্ববাদী নাকি একজন লোভী রাজা মাত্র তাও বিলকিস পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন। তিনি যখন বুঝতে পারেন যে সুলায়মান (আ.) প্রকৃত নবী এবং তাঁর বক্তব্য সত্য তখন তিনি আত্মসমর্পণ করে জনগণকে রক্তপাত থেকে দূরে রেখে তাদের রক্ষা করেন। কেবল তাই নয় তিনি ঈমান এনে বিচ্যুতি থেকে মুক্তি লাভ করেন।
রেডিও তেহরানের এরকম সুন্দর আয়োজন নারীদের সম্পর্কে সাধারণ মানুষের চিন্তাধারা পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে। আল্লাহ সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন।
শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান
ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী
গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি,
জেলা: কুমিল্লা, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।