আমার স্মৃতিতে রেডিও তেহরান
https://parstoday.ir/bn/news/letter-i124494-আমার_স্মৃতিতে_রেডিও_তেহরান
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মিতালী লিসনার্স ক্লাবের সভাপতি শিবেন্দু পালের লেখা
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৬, ২০২৩ ১৩:২৫ Asia/Dhaka
  • আমার স্মৃতিতে রেডিও তেহরান

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মিতালী লিসনার্স ক্লাবের সভাপতি শিবেন্দু পালের লেখা

"কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই-

দূর কে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই।”

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই অংশটি আমার বেতার জীবনকে ভীষণ নাড়া দেয়। ছোটবেলা থেকে বাড়িতে আমাদের রেডিও শোনার একটা রেওয়াজ ছিল। বাবা-মা, দিদিরা রেডিও তে মূলত অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর খবর, গান, গল্পের-নাটকের অনুষ্ঠান শুনত। আমিও শুনতাম। তখন টেলিভিশন-এর তেমন প্রচলন ছিল না। আর আমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না বলে টেলিভিশনও ছিল না।

১৯৯৫ সাল আমি তখন স্কুলে পড়ি। অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর কিশোর কিশোরীদের জন্য সন্ধিক্ষণ-এর প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ও অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর শ্রোতা হিসেবে রেজিস্ট্রেশান নম্বর ও সার্টিফিকেট পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে রেডিও শোনা কিছুটা নিয়মিত হয়। বাবার মুখে শুনেছি বিভিন্ন দেশ থেকে রেডিও শোনার কথা-ভয়েস অফ আমেরিকা, বিবিসি, রেডিও তেহরান, চিন আন্তর্জাতিক বেতার-এর কথা। কিন্তু তখন বুঝতাম না।

একদিন সন্ধ্যে বেলা রেডিও শুনতে শুনতে কেমন যেন একটু অন্য রকমের বাংলা ভাষাতে অনুষ্ঠান হচ্ছে। অনেক চেষ্টার পড়ে জানলাম সেটা চিন আন্তর্জাতিক বেতার। তখন ইন্টারনেটের প্রচলন ছিল না, ফলে ঠিকানা জেনে চিঠি লেখা এখনকার মত সহজ ছিল না। তারপর সেখানে চিঠি লেখা আর বেতার কেন্দ্র থেকে চিঠিপত্র আসতে শুরু করে, মনের মধ্যে ভীষণ আনন্দ ও উৎসাহ জাগে। তারপর এভাবেই একদিন রেডিও তেহরান-এর অনুষ্ঠান শুনতে পাই এবং একে একে অন্যান্য বেতার কেন্দ্রের অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়ি। রেডিওতে অনুষ্ঠান শোনার পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য ও রেডিও তেহরান কার্যক্রম নিয়ে আলোচনা রেডিও তেহরান স্টুডিও থেকে ফোন এ সাক্ষাৎকার ও প্রিয়জন আসরে তার প্রচার একটা আলাদা অনুভূতি এনে দেয়। প্রিয়জন আসরে প্রচারিত সাক্ষাতকার আমার সংগ্রহে আছে যা মাঝে মাঝে শুনি।  

কিউএসএল কার্ড, ক্যালেন্ডার ও সুভিনিওউর সংগ্রহ রেডিও শ্রোতাদের একটি অন্যতম নেশা। বেতার কেন্দ্র থেকে চিঠি পেতে যেমন ভালো লাগে, তেমনি নতুন বছরের ক্যালেন্ডার, বিভিন্ন সুভিনিওউর, রিশেপশন  রিপোর্ট পাঠিয়ে ভেরিফিকেশন কার্ড বা কিউএসএল কার্ড পেলে আরও ভালো লাগে। রেডিও তেহরান শ্রোতাদের সুদৃশ্য নতুন বছরের ক্যালেন্ডার পাঠাতো যা শুধুমাত্র আমাদের কাছে ক্যালেন্ডার নয়, ইরানের সংস্কৃতিকেও তুলে ধরে। এরকম বেশ কয়েক বছরের ক্যালেন্ডার ও বিভিন্ন সুভিনিওউর আমার সংগ্রহে আছে যা মাঝে মাঝে দেখে মনের তৃপ্তি লাভ করি। 

সুদীর্ঘ ৪১ বছর ধরে রেডিও তেহরান বাংলা বিভাগ ভারত-বাংলাদেশ সহ বিশ্বের বাংলাভাষী মানুষের অন্যতম বেতার-গণমাধ্যম হয়ে উঠেছে। অত্যন্ত সাফল্যের সঙ্গে শ্রোতাদের মনোরঞ্জনের সাথে সাথে ইরানের মানুষ ও সংস্কৃতি সম্বন্ধে বেশি বেশি জানার ও বোঝার সুযোগ করে দিচ্ছে আমাদের সকলের প্রিয় রেডিও তেহরান। বাংলাভাষী মানুষকে অত্যন্ত সহজভাবে ইসলামীয় সংস্কৃতি, কোরআান শেখার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছে, সেই সঙ্গে ভারত-বাংলাদেশ ও ইরানের পারস্পরিক বন্ধুত্ব ও অংশীদারিত্বকে আরো জোরদার করছে। 

বিশ্বব্যাপী রেডিও তেহরান এর সংবাদদাতাদের পাঠানো বস্তুনিষ্ঠ সর্বসাম্প্রতিক সংবাদ ও প্রতিবেদন ভারত ও বাংলাদেশে বাঙালি শ্রোতাদের জন্য নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়ে অজস্র তথ্য সরবরাহ। মাল্টিমিডিয়ার এই যুগে রেডিও তেহরান, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই পালন করছে অগ্রণী ভূমিকা। দীর্ঘদিনের অভিজ্ঞ বেতার সাংবাদিক ও সম্প্রচারকদের মেধায় রেডিও তেহরান বাংলা হয়ে উঠেছে সকলের প্রিয়।

এই সুদীর্ঘ সফল পথ চলায় আমি রেডিও তেহরানের সকল নেতবৃন্দ ও উপস্থাপক-উপস্থাপিকা ও কর্মীবৃন্দদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাঁদের অবিচল নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় রেডিও তেহরান হয়ে উঠেছে সকলের প্রিয় ও বিশ্ব সেরা বেতার কেন্দ্র। আমি রেডিও তেহরান বাংলা বিভাগ এর কার্যক্রম ও অনুষ্ঠানমালার নিয়ত নতুন নতুন উৎসর্গ ও শ্রীবিদ্ধি কামনা করি, সেইসঙ্গে আমার প্রাণের বেতারকেন্দ্র রেডিও তেহরান-এর ক্রমবর্ধমান শ্রোতা আনুকুল্যে সিক্ত হক ও ছুঁয়ে যাক সাফল্যের নতুন নতুন শিখর।

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর কর্মকর্তা ও সদস্য সদস্যাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনে তাঁদের কার্যক্রম ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। সকলকে জানাই শুভেচ্ছা।

 

শুভেছান্তে  

 

শিবেন্দু পাল

সভাপতি, মিতালী লিসনার্স ক্লাব

৪৯/৩৬ ড. সুন্দর গোপাল ধর লেন

খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। 

পশ্চিমবঙ্গ,  ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।