পশ্চিমবঙ্গে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়, সবার মুখে রেডিও তেহরানের প্রশংসা
-
পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের একাংশ
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে একটি মোবাইল ভিডিও কর্মশালায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রোতারা মিলিত হয়েছিলেন। প্রশিক্ষণের শেষে একটি আন্তর্জাতিক বেতারের শ্রোতা সম্মেলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলা ও বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন শ্রোতারা। শ্রোতা সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে শতাধিক শ্রোতা ও ক্লাব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী শ্রোতা ও ক্লাব প্রতিনিধিদের মাঝে রেডিও তেহরানের অনুষ্ঠানসূচি ও কিউএসএল কার্ড বিতরণ করেন ভারতে এ বেতারের মনিটর নাজিমুদ্দিন। এছাড়া, যেসব শ্রোতা রেডিও তেহরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, সাক্ষাৎকার প্রদান করেন তাঁদেরকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের উপমহাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক জনাব হাসান নওরোজি স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।
শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের অনুষ্ঠান বিষয়ে মতবিনিময় করা হয়। শ্রোতারা রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান এবং ওয়েবসাইটের ভূয়সী প্রশংসা করেন। সেইসাথে তারা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন। দীর্ঘদিন পর রেডিও তেহরানের শুভেচ্ছা কার্ড, শংসাপত্র আর অনুষ্ঠানসুচি পেয়ে পুরোনো স্মৃতি মনে করে তাদের অভিজ্ঞতার কথা জানান এবং রেডিও তেহরানের সাফল্য কামনা করেন।
নির্ভীক বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও প্রিয়জন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন সুদূর ত্রিপুরা রাজ্য থেকে আগত শ্রোতা বন্ধু প্রদীপ কুন্ডু।
কোচবিহার থেকে আগত শ্রোতাবন্ধু, তপন বসাক ও রানা চ্যাটার্জি রেডিও তেহরান এর প্রচারিত অনুষ্ঠানগুলো চিত্তাকর্ষক ও তথ্যসমৃদ্ধ বলে মনে করেন।
কথাবার্তা, প্রিয়জন, আলাপন, রংধনু প্রভৃতি তাদের খুবই ভালো লাগার অনুষ্ঠান বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানসূচি, ভিউকার্ড, শংসাপত্র পেয়ে খুশি হওয়ার কথা জানিয়ে ভবিষ্যতেও রেডিও তেহরান-বাংলা অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শ্রোতাদের প্রীতির বন্ধনে আবদ্ধ রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
যদি বিভিন্ন ম্যাগাজিন ডাকের মাধ্যমে পাঠান, তাহলে শ্রোতাদের উৎসাহ বাড়বে বলে প্রস্তাব দেন বর্ধমানের শ্রোতা বন্ধু মোহাম্মদ শাহিদুল্লাহ।
বর্ধমানের আরও শ্রোতাবন্ধু হাফিজুর রহমান জানান, "রেডিও তেহরানের বিশ্বসংবাদ খুবই ভালো লাগে, কারণ একমাত্র রেডিও তেহরান সারা বিশ্বের মুসলিমদের খবর তুলে ধরে। অনুষ্ঠানসূচি, ভিউকার্ড ও শংসাপত্র আমাকে দেবার জন্যে রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।"
বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে অত্যন্ত পরিচিত শ্রোতা বন্ধু "সিদ্ধার্থ ভাট্টাচার্য" রেডিও তেহরান বাংলা বিভাগের জন্যে কয়েকটি প্রস্তাব দেন-
১) ভারত ও বাংলাদেশ এর জন্য দুটি Frequency ব্যাবহার করলে ভালো হয়।
২) কলকাতায় শ্রোতা সম্মেলনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ।
৩) রিসিপশন রিপোর্টের প্রেক্ষিতে নিয়মিতভাবে QSL Card প্রদান।"
কহকা, ভিলাই, ছত্তিশগড়ের অত্যন্ত পুরোনো শ্রোতা বন্ধু আনন্দ মোহন বাইন রেডিও তেহরান বাংলা বিভাগ হতে গত বছর certificate ও QSL Card পাওয়ার কথা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ১৯৮৫ সাল থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের সংগে আছেন ও ভবিষ্যতেও থাকবেন বলে জানান। বিশ্ব সংবাদ, প্রিয়জন তাঁর প্রিয় অনুষ্ঠান। রেডিও তেহরানের বিশ্ব সংবাদ অত্যন্ত নিরপেক্ষ; এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের চুয়াডাঙ্গার শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহীর আশিক ইকবাল টোকন, ঢাকার মঞ্জুরুল আলম রিপন, সিলেটের দিদারুল ইকবাল, ফরিদপুরের গোলাম সারোয়ার প্রমুখ। তারা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ও ওয়েব সাইটের প্রশংসা করেন।#
বার্তা প্রেরক: নাজিমুদ্দিন, মনিটর, রেডিও তেহরান, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২