‘ও হেসে বলল: তুমি কি রেডিও তেহরান নিয়মিত শোন না?’
প্রিয় মহোদয়, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২২ আগস্ট, শনিবার ব্যক্তিগত একটি কাজে ময়মনসিংহে যাই। মেয়ে ও ছেলে- দুজনেরই অনলাইনে ক্লাশ ছিল বলে স্মার্ট ফোন নিয়ে যাইনি। কিন্ত কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গেল। তাই আর কিশোরগঞ্জ ফেরা হয়নি, থেকে যাই বাল্য বন্ধু শুকুর মাহমুদের বাসায়।
কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা হবে না বলে সন্ধ্যার পরেই মনটা খারাপ হয়ে গেল। তবু বন্ধুর বাসায় তা কাউকে বুঝতে দিলাম না। আবার ওদের ফোনে রেডিও শোনার অনুরোধ করতেও লজ্জা লাগছিল। সন্ধ্যা থেকেই চা খেতে খেতে ওর পরিবারের সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রেডিও তেহরানের জন্যে মনটা আনচান করছিল, কিন্তু কিছুই করার ছিল না। অনুষ্ঠানটা মিস হবে ভেবে শুধু আফসোস হচ্ছিল। মনে হচ্ছিল, কষ্ট করে হলেও কিশোরগঞ্জ চলে যাওয়াই ভালো ছিল।
রাত ৮:২৩ বাজতেই অবাক হয়ে গেলাম! গল্প করতে করতে বন্ধু মাহমুদ কখন যে রেডিও তেহরানের ওয়েবসাইটে ঢুকে লাইভ অনুষ্ঠান চালু করেছে খেয়ালই করিনি। পবিত্র কোরআন তেলওয়াতের শব্দে ওর দিকে যখন অবাক হয়ে তাকালাম: ও হেসে বলল: তুমি কি রেডিও তেহরান নিয়মিত শোন না?
আমি বললাম, আমি তো নিয়মিতই শুনি। কিন্তু তুমি কবে থেকে শোন? কই বলো নি তো? জবাবে বন্ধু মাহমুদ জানাল, এইতো মাস দুয়েক হলো। মাস তিনেক আগে প্রায়ইতো তুমি পার্সটুডে ওয়েবসাইটের কিংবা রেডিও তেহরান ফেসবুক লাইভের লিংক পাঠাতে। বার বার লিংক পেয়ে, বিরক্ত হয়ে একদিন অনুষ্ঠান শুনলাম। শুনে ভালো লাগল, আর নিয়মিত শোনা শুরু করলাম। এখনতো নিয়মিতই শুনি।
শুনে কি যে ভালো লাগল! অনুষ্ঠান শুনতে পারার আনন্দ তো আছেই, আমার বাল্য বন্ধু যে আমারই অনুপ্রেরণায় রেডিও তেহরান শোনা শুরু করেছে সেটা জেনে আরো বেশি ভালো লাগছে। গত কয়েকমাসে বেশ কয়েকজনকে রেডিও তেহরানের শ্রোতা বানাতে পেরেছি। তাদের মধ্যে দু’জন কিশোরগঞ্জ, একজন চট্টগ্রাম ও একজন সুনামগঞ্জে বসবাস করে। কিন্তু আমার বাল্য বন্ধু যে রেডিও তেহরান শোনা শুরু করেছে তা জানতামই না। অনুষ্ঠানের একটা ঘণ্টা তো আনন্দে কাটলোই, অনুষ্ঠান শেষে ওর সাথে রেডিও তেহরান নিয়ে অনেক আলোচনা হলো। আনন্দ-উচ্ছাসে আমার মন ভরে উঠছিল।
গত কয়েকমাস ধরে আরো অনেককে অনুপ্রাণিত করার চেষ্টা করছি এবং সে প্রচেষ্টা এখনো অব্যাহত আছে।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ - ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।