‘শ্রোতাদের মতামত’ বিভাগটি রেডিও তেহরানের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে
https://parstoday.ir/bn/news/letter-i83181-শ্রোতাদের_মতামত’_বিভাগটি_রেডিও_তেহরানের_জনপ্রিয়তা_বাড়িয়ে_দিয়েছে
প্রিয় মহোদয়, কিশোরগঞ্জ থেকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজ আমি রেডিও তেহরানের কোন অনুষ্ঠান নিয়ে আলোচনা করব না। বরং রেডিও তেহরান বাংলা বিভাগের ওয়েবসাইট পার্সটুডে’র সর্বশেষ সংযোজন নিয়ে কিছু কথা বলব। কেননা সর্বশেষ এ সংযোজনটি শ্রোতা ও পাঠকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০৭:২৫ Asia/Dhaka
  • ‘শ্রোতাদের মতামত’ বিভাগটি রেডিও তেহরানের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে

প্রিয় মহোদয়, কিশোরগঞ্জ থেকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজ আমি রেডিও তেহরানের কোন অনুষ্ঠান নিয়ে আলোচনা করব না। বরং রেডিও তেহরান বাংলা বিভাগের ওয়েবসাইট পার্সটুডে’র সর্বশেষ সংযোজন নিয়ে কিছু কথা বলব। কেননা সর্বশেষ এ সংযোজনটি শ্রোতা ও পাঠকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।

জ্বি, আমি রেডিও তেহরান বাংলা বিভাগের ওয়েবসাইট পার্সটুডে’র ‘শ্রোতাদের মতামত’ প্রসঙ্গে বলছি। গত ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে পার্সটুডেতে নতুন এ বিভাগটি সংযোজন করা হয়। তারপর বিগত দু’সপ্তাহে (২ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত) মোট ২৩টি চিঠি প্রকাশ করা হয়েছে। প্রতিটি চিঠিই বিষয়-বৈচিত্র্যে, ভাব-ভাষায়, আবেগ-আশায়, গুণে-মানে হৃদয়গ্রাহী। এসব চিঠি বারবার পড়তে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরান সম্পর্কে বাংলাদেশ ও ভারতের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শ্রোতা বন্ধুরা কী ভাবছেন। কখনো তাদের চিঠি থেকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই, কখনো নিজের অভিজ্ঞতার সাথে মিলে যায় বলে খুশি হই।

আমার মনে হয়, শ্রোতাদের মতামত বিভাগটি সম্প্রতি সবচেয়ে বেশি পাঠক/ভিজিটর হিট করেছেন। তাছাড়া সবচেয়ে বেশি শেয়ারও হয়েছে এ বিভাগের লেখাগুলোই্। কেননা, গত দু’সপ্তাহ ধরে আমি নিজে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন শ্রোতা বন্ধুর মতামত দেখেছি। আকর্ষণীয় ছবির সাথে কথার-মালা কিন্তু বেতার-বন্ধু ছাড়া সাধারণ মানুষকেও নাড়া দিয়েছে। তাই সামাজিক যোগযোগ মাধ্যমে বেতার-বন্ধু ছাড়া সাধারণ মানুষও এসব মতামতে লাইক/লাভ/কমেন্টস দিয়েছেন। 

সত্যিকার অর্থে, শ্রোতাদের মতামত বিভাগটি পার্সটুডে তথা রেডিও তেহরানের জনপ্রিয়তা আরো একধাপ বাড়িয়ে দিয়েছে। এসব চিঠিপত্র শেয়ারিংয়ের মাধ্যমে পার্সটুডে তথা রেডিও তেহরান নতুন নতুন মানুষের কাছে পৌঁছে গেছে। কে জানে, সেসব নতুন ব্যক্তিদের কেউ কেউ হয়ত ইতোমধ্যে রেডিও তেহরান শোনা শুরু করেছেন অথবা শোনার চিন্তা ভাবনা করছেন।

শুধু তাই নয়, পুরাতন শ্রোতারাও আবার ফিরে এসেছেন তাদের প্রিয় বেতার কেন্দ্রের কাছে। প্রত্যাশা, নিজের চিঠি প্রিয়জনে শুনবেন অথবা মতামত বিভাগে পড়বেন। আর নতুন শ্রোতারাতো নব উদ্যমে লিখছেন, নিজের জায়গা দখলের প্রত্যাশায়। ফলে নতুন-পুরাতন শ্রোতার মেল-বন্ধন যেমন হচ্ছে, তেমনি বাড়ছে প্রতিযোগিতাও। আন্তর্জাতিক মানের বেতার কেন্দ্র হিসেবে এটিই রেডিও তেহরানের বড় সাফল্য।  

অনেক অনেক শুভ কামনা রেডিও তেহরান এবং রেডিও তেহরানের সকল কর্মকর্তাদেরকে। আর অব্যাহত থাকুক সাফল্যের ধারা, সে প্রত্যাশাই করি।        

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ

কিশোরগঞ্জ– ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।