'রেডিও তেহরান নতুন করে অনুষ্ঠান শোনায় উদ্বুদ্ধ করছে, দেখাচ্ছে আশার আলো'
প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছেন।
বহির্বিশ্বের সকল বাংলা বেতারগুলি যখন তাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করছে, শর্ট ওয়েভ থেকে তাদের অনুষ্ঠান গুটিয়ে নিচ্ছে, ঠিক সেই সময় রেডিও তেহরান আমাদের নতুন করে অনুষ্ঠান শোনায় উদ্বুদ্ধ করছে, দেখাচ্ছে আশার আলো। শ্রোতাদের রেডিও শোনার উৎসাহ দেয়ার জন্য চালু করছে মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন। শুধু কি তাই? শ্রোতাদের মতামত নামেও চালু করেছেন পার্সটুডে ওয়েব সাইটে একটি বিশেষ পাতা, যাতে শ্রোতাদের নানা মতামত শোভা পাচ্ছে। আর এসবের জন্য আপনাদের সকল শ্রোতার সাথে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ আশরাফ ভাইকে।
তিনি শ্রোতাদের সকল চাহিদা এক এক করে পূরণ করে যাচ্ছেন। সকল বিষয়েই কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আশা করছি তিনি সব সময় আমাদের পাশেই থাকবেন।
শুনলাম গত ১৮ই সেপ্টেম্বরের শ্রোতাদের চিঠি পত্রের আসর 'প্রিয়জন'। আসরটি শুরু হলো টাঙ্গাইলের শ্রোতাবন্ধু আবু তাহের ভাইয়ের চিঠি দিয়ে। ছিল আমার মতামতের চিঠি এবং একটি প্রশ্নের জবাব। অজস্র ধন্যবাদ এজন্য আপনাদের। ছিল বেশকিছু শ্রোতার মতামতের চিঠির জবাব এবং প্রাপ্তী স্বীকার। আর সাক্ষাৎকার পর্বে শুনলাম কিশোরগঞ্জের শ্রোতাবন্ধু বোন শরিফা আক্তার পান্না'র সাক্ষাৎকার। ভালো লেগেছে তার চমৎকার সাক্ষাৎকারসহ এই দিনের 'প্রিয়জন'।
২৮ শে সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরের প্রিয়জন-এর আসর শোনার অপেক্ষায় রয়েছি। আশা করছি এইদিন থেকে এ আসরে বহু শ্রোতার চিঠির জবাব, গান এবং সাক্ষাৎকার শুনতে পাব।
এইদিন আরো শুনলাম গাজী আব্দুর রশিদ ভাইয়ের সঞ্চালনায় 'আলাপন'। এতে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে অর্থাৎ 'সংযুক্ত আরব আমিরাতের পর আরব দেশ বাহরাইন ইহুদিবাদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করল' এ বিষয়ের উপর বললেন- আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব অধ্যাপক আকমল হোসেন। ভালো লাগলো তার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ রেডিও তেহরানকে এই দিনের সুন্দর দুটি পরিবেশনা জন্য।
প্রশ্নঃ ইরানের বৃহত্তম নদীর নাম কি? এটি কোথায় অবস্থিত এবং এর আয়তন কতো?
আজ এ পর্যন্তই রইলো আগামীতে আবারও কথা হবে। আপনারা সবাই ভালো, সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন।
শুভেচ্ছান্তে-
মোঃ সাইফুল ইসলাম
গ্রাম: পুরান বগুড়া
চাঁদনী বাজার, বগুড়া।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।