‘আমার যাপিত জীবনের সমস্ত আবেগ আর ভালোবাসাজুড়ে রেডিও তেহরান’
আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ব্যস্ত যান্ত্রিক জীবনে রেডিও তেহরান মনে আনে প্রশান্তি। অপসংস্কৃতি আর নানা অপঘাতে জীবন যখন বিপন্ন, রেডিও তেহরান তখন বিশুদ্ধ বিনোদনের স্নিগ্ধ পরশে জীবনকে করে তোলে পরিশুদ্ধ ও সজীবতায় পরিপূর্ণ।
ভুল রথে চড়ে ভুল পথে যাওয়া ভ্রান্ত পথিককে মায়ের মতোই নির্ভুল বন্ধু হয়ে সত্য ও সঠিক পথ দেখায় রেডিও তেহরান। তাই তো রেডিও তেহরান আমার দুঃখ-সুখের পরম বন্ধু। আমার যাপিত জীবনের সমস্ত আবেগ আর ভালোবাসাজুড়ে আছে রেডিও তেহরান।
পুরোনো দিনের অনেক স্মৃতিময় সময়ের খুঁনসুঁটিতে ভরা বন্ধুত্ব আজও অমলিন। শুধু জীবিকার তাগিদে হারিয়ে গিয়েছি একজন আরেকজন থেকে। মনের টান থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে যাদের সাথে দেখা করার সুযোগ ছিল না; সেই সব পুরোনো ডিএক্সার বন্ধুদেরকে এক প্লাটফর্মে এনে কথা বলা ও দেখা করার সুযোগ করে দিয়েছে রেডিও তেহরান।
রেডিও তেহরানের ফেসবুক লাইভ, মেসেঞ্জার চ্যাট গ্রুপ, ওয়েবসাইট এবং ক্ষুদ্র তরঙ্গের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারো প্রতিদিন মিলিত হচ্ছি। প্রাণবন্ত আড্ডায় মেতে উঠছি নতুন করে। অনুষ্ঠান সংক্রান্ত মতবিনিময় করছি সম্মিলিতভাবে। বিনি সুঁতোর বাঁধনে বাঁধা দেশ-বিদেশে ছড়িয়ে থাকা আমাদের বন্ধুত্ব আবারো প্রাণ ফিরে পেয়েছে রেডিও তেহরানের কল্যাণে।
এ প্রসঙ্গে রেডিও তেহরানের ব্রডকাস্ট জার্নালিস্ট ও প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক মুহাম্মদ আশরাফুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন বন্ধুদেরকে মেসেঞ্জার গ্রুপে এ্যাড করার জন্য বিনীত অনুরোধ জানাই। সকল কলাকুশলীকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই ইতি টানছি।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী
থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর -২০১০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।