রেডিও তেহরানের প্রিয়জন, রংধনু ও কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি
মহাশয়, পত্রের প্রারম্ভে রেডিও তেহরানের সকল কর্মকর্তা কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
প্রিয়জন রেডিও তেহরানের একটি অন্যতম প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি শ্রোতাদের আত্মার আত্মীয় হিসেবে পরিচিত হয়েছে। অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিবেশন করা হয় যা মন প্রাণে একটা মধুর ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। উপস্থাপকদের সাবলীল কণ্ঠস্বর এবং পরিবেশন করার ঢং, চিঠির উত্তর দেওয়ার ভঙ্গি- শ্রোতাদের হৃদয় জয় করে নেয়। সময়ও কম দেওয়া হয় না; প্রায় কুড়ি মিনিট অনুষ্ঠানের জন্য বরাদ্দ থাকে। কমপক্ষে প্রায় ১০ জনের পত্র উপস্থাপন করা হয়। সঙ্গে থাকে কোনো শ্রোতাবন্ধুর সাক্ষাৎকার। ফলে অনুষ্ঠানটির একটা প্রাণোচ্ছল অনুভূতি থাকে যা শ্রোতাদের কাছে ভালোলাগার সোনার পরশ পাথর হয়ে দাঁড়ায়। একেই তো বলে আত্মার আত্মীয়।
আর একটি অনুষ্ঠান রংধনু, যা শিশু-কিশোর শ্রোতাদের জন্য। কেন জানি না রংধনুর সুর বেজে উঠলে আমার বয়স অনেক কমে যায়। মনের মধ্যে শিশু-কিশোরসূলভ ভাব জেগে উঠে। ছোট মেয়েকে ডেকে নিয়ে বসে পড়ি রংধনু শুনতে। এতে গল্পগুলো উপস্থাপন করবার ভঙ্গিমা সত্যিই মনোমুগ্ধকর। গল্পগুলোকে নির্বাচন করা হয় অতি বুদ্ধিমত্তার সাথে। পরিবেশিত গল্পগুলোয় সুন্দর নীতিকথা থাকে যা শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলবার বিশেষ উপদেশ দান করে। আমার মেয়েটিও প্রতি বৃহস্পতিবার রংধনু শুনবার জন্য অনেক আগেই তার নিজের পড়াটা করে নেয়। রংধনু তার শোনা চাই-ই চাই।
আমার প্রিয় আরেকটি অনুষ্ঠান কথাবার্তা। ঢাকা-কলকাতার প্রধান প্রধান দৈনিক সংবাদপত্রগুলোর নির্বাচিত সংবাদগুলো যখন উপস্থাপন করা হয় তখন খুবই ভালো লাগে। ভালো লাগে সংবাদ জানার জন্য, ভালো লাগে এতগুলো সংবাদপত্রের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। সত্যি বলতে কী, বাড়িতে তো সংবাদপত্র থাকে একটি। কিন্তু কথাবার্তায় থাকে কলকাতার আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, আজকাল, ঢাকার ইত্তেফাক, মানবজমিন এমন অনেক পত্রপত্রিকা। এ যেন কোনো এক গ্রন্থাগার।
পরিশেষে প্রিয়জন অনুষ্ঠানে একটি ফারসি গান শোনাবার অনুরোধ জানিয়ে পত্র শেষ করছি।
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট,
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।